
আন্তর্জাতিক ই-স্পোর্টস গেমিং প্রতিযোগিতা ক্যাপকম কাপ এক্স-এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের নাইমুর রহমান। সম্প্রতি অনলাইনে অনুষ্ঠিত এ আঞ্চলিক চূড়ান্ত বাছাইপর্বে বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কার ৫০ জন গেমার অংশ নেন। ‘স্ট্রিট ফাইটার ৬’ গেমনির্ভর এ প্রতিযোগিতায় ২৫০ নম্বরের মধ্যে ২৪০ পেয়ে দক্ষিণ এশিয়া থেকে প্রতিযোগিতার মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন নাইমুর রহমান।
ক্যাপকম কাপ এক্সের চূড়ান্ত প্রতিযোগিতা আগামী বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হবে। স্ট্রিট ফাইটারসহ বিভিন্ন জনপ্রিয় ভিডিও গেমের নির্মাতা প্রতিষ্ঠান ক্যাপকম এ প্রতিযোগিতার আয়োজক। ১৬ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন প্রান্তের আঞ্চলিক পর্বে বিজয়ী ৪৮ জন গেমার অংশ নেবেন। স্ট্রিট ফাইটার ৬ গেমনির্ভর এ প্রতিযোগিতায় ২০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে, যার মধ্যে চ্যাম্পিয়ন গেমার পাবেন ১০ লাখ ডলার পুরস্কার।
নাইমুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ক্যাপকম কাপ এক্সের আঞ্চলিক বাছাইপর্বে অংশ নেওয়ার জন্য জুলাই মাসে “এসআই অনিক, বিডি” নামে নিবন্ধন করি। এরপর পাঁচটি অনলাইন গেমিং প্রতিযোগিতায় অংশ নিতে হয়েছে আমাকে। গত ২৬ নভেম্বর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে তিন হাজার ডলার পুরস্কার পাওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ক্যাপকমের মূল প্রতিযোগিতায় সরাসরি খেলার সুযোগ পেয়েছি। এরই মধ্যে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক চ্যাম্পিয়ন হিসেবে আমার নাম নিজেদের ওয়েবসাইটে যুক্ত করেছে ক্যাপকম। চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়া-আসা ও থাকার সব খরচ ক্যাপকম কর্তৃপক্ষ বহন করবে। আশা করি, প্রতিযোগিতায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারব।’
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) থেকে যন্ত্র প্রকৌশলে পড়ালেখা শেষ করে বেসরকারি একটি প্রতিষ্ঠানে কাজ করতেন নাইমুর রহমান। কিন্তু ক্যাপকম গেমিং প্রতিযোগিতায় ভালো ফলের জন্য গত জুলাই মাসে চাকরি ছেড়ে দেন তিনি। বর্তমানে ক্যাপকম কাপ এক্স প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত করছেন নাইমুর রহমান।