সার্চ প্রোফাইল
সার্চ প্রোফাইল

কনটেন্ট নির্মাতা ও প্রকাশকদের জন্য সার্চ প্রোফাইল চালু করল গুগল

গুগল সার্চে কনটেন্ট (আধেয়) নির্মাতা ও প্রকাশকদের তথ্য আরও ভালোভাবে তুলে ধরতে ‘সার্চ প্রোফাইল’ সুবিধা চালু করেছে গুগল। নতুন এ সুবিধার মাধ্যমে কোনো নির্মাতা বা প্রকাশকের পরিচিতি, প্রকাশিত কনটেন্ট এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তাদের কার্যক্রম একসঙ্গে দেখা যাবে। ফলে নির্দিষ্ট নির্মাতা বা প্রকাশক সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি তাদের কনটেন্ট অনুসরণ করা আরও সহজ হবে।

গুগলের তথ্যমতে, সার্চ প্রোফাইল একটি স্বতন্ত্র প্রোফাইল পেজ। পেজটিতে যেকোনো নির্মাতা বা প্রকাশক ওয়েবজুড়ে ছড়িয়ে থাকা নিজেদের বিভিন্ন কনটেন্ট একসঙ্গে প্রদর্শন করতে পারবেন। সংবাদ প্রতিবেদন, ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশিত কনটেন্ট প্রোফাইল পেজে যুক্ত করা যাবে। ফলে সার্চে পাওয়া বিভিন্ন তথ্যের উৎস সম্পর্কে ব্যবহারকারীরা আরও নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্য জানতে পারবেন। তবে সুবিধাটি ব্যবহারের জন্য কনটেন্ট নির্মাতা ও প্রকাশকদের অন্তত একটি বড় সামাজিক যোগাযোগমাধ্যম বা ভিডিওভিত্তিক প্ল্যাটফর্মে উল্লেখযোগ্যসংখ্যক অনুসারী থাকতে হবে। নির্মাতা ও প্রকাশকেরা নিজেদের ছবি, সংক্ষিপ্ত পরিচিতি, ওয়েবসাইটের ঠিকানা, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট, ভিডিও চ্যানেলসহ বিভিন্ন তথ্য যুক্ত করে প্রোফাইল পেজ সাজাতে পারবেন।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে সার্চ প্রোফাইল সুবিধা চালু করা হয়েছে। ভবিষ্যতে ধাপে ধাপে বিশ্বের অন্যান্য অঞ্চলের নির্মাতা ও প্রকাশকদের জন্যও সুবিধাটি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে গুগল। পাশাপাশি ব্যবহারকারীদের সম্পৃক্ততা বাড়ানো এবং প্রোফাইলের কার্যকারিতা উন্নত করতে ভবিষ্যতে নতুন সুবিধা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

সাম্প্রতিক বছরগুলোতে সার্চ ও সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট খোঁজার ধরনে বড় পরিবর্তন এসেছে। এ কারণে নির্মাতা ও প্রকাশকদের জন্য নিজেদের পরিচিতি ও প্রকাশিত কাজ একই জায়গায় সংরক্ষণের গুরুত্বও বেড়েছে। গুগলের সার্চ প্রোফাইল সুবিধা মূলত এই চাহিদা পূরণের লক্ষ্যেই চালু করা হয়েছে। সুবিধাটি চালু ফলে ব্যবহারকারীরা যেমন নির্ভরযোগ্য উৎসের কনটেন্ট সহজে খুঁজে পাবেন, তেমনি পছন্দের নির্মাতা ও প্রকাশকদের সহজে অনুসরণ করতে পারবেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস