দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও খাতের অবস্থান তুলে ধরতে ২২ ও ২৩ জুলাই রাজধানীর ইন্টারকনটিনেন্টাল হোটেলে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৩’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। পঞ্চমবারের মতো এই সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনটাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। আজ বুধবার রাজধানীর বনানীতে বাক্কোর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাক্কোর সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, ‘আমরা এরই মধ্যে দেশের সব কটি বিভাগীয় শহরে বিপিও সামিটের আয়োজন করেছি এবং প্রতিটিতেই বেশ ভালো সাড়া পেয়েছি। এবারের সম্মেলনে বিপিও খাত নিয়ে নয়টি সেমিনার থাকছে। সেমিনারগুলোয় ২০২৫ সালের মধ্যে বাংলাদেশের বিপিও খাতে এক লাখ লোকের কর্মসংস্থান এবং ১০০ কোটি মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জ ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে। মুক্তপেশাজীবী (ফ্রিল্যান্সার) থেকে উদ্যোক্তা হওয়ার দিকনির্দেশনাও পাওয়া যাবে। এবারই প্রথম বিপিও সামিটের সেমিনারগুলো অনলাইনে সরাসরি সম্প্রচার করা করা হবে।’
সম্মেলনে জানানো হয় বাংলাদেশ ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর মধ্যে ২৫তম অবস্থানে চলে আসবে এবং ট্রিলিয়ন ডলার অর্থনীতির মাইলফলক স্পর্শ করবে। আর এ অবস্থান অর্জনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাত অন্যতম ভূমিকা পালন করবে।
বাক্কোর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বলেন, ‘বিভাগীয় শহরগুলোয় অনুষ্ঠিত বিপিও সামিটগুলোয় আড়াই হাজারেরও বেশি চাকরির আবেদন জমা পড়েছে। চাকরির আবেদন করা তরুণ-তরুণীদের বিপিও খাতের উপযোগী করে গড়ে তুলতে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি।’
দুই দিনের এ সম্মেলনে চাকরির মেলা আয়োজন করা হয়েছে। মেলায় আগ্রহী চাকরিপ্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হবে।