অ্যাপলের যন্ত্রে পুরো পৃষ্ঠার স্ক্রিনশট নেওয়া যাবে, সিরি বুঝবে অনেক ভাষা

নতুন আইওএসে আছে নতুন সুবিধা
রয়টার্স

সম্প্রতি আইওএস ১৭, আইপ্যাড ওএস ১৭ এবং ম্যাক ওএস সোনোমা ছেড়েছে অ্যাপল। এসব অপারেটিং সিস্টেমে যোগ হয়েছে যন্ত্রে দেখা পুরো পৃষ্ঠার পাতার ছবি বা স্ক্রিনশট নেওয়ার সুবিধা। পাশাপাশি অনেক ভাষায় আলাপচারিতা করা যাবে সিরির সঙ্গে। এর সঙ্গে দ্বৈত বা ডুয়াল সিমে যোগ হয়েছে এসএমএস বাছাইয়ের উন্নত সুবিধা।

ভারতীয় বিভিন্ন ভাষায় এখন আলাপ করার সুবিধা যোগ হয়েছে সিরিতে। এর ফলে ব্যবহারকারীরা ইংরেজির সঙ্গে হিন্দি, তেলেগু, পাঞ্জাবি, কন্নড়, মারাঠি প্রভৃতি ভাষায় কথা বলে সিরিকে বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করতে পারবেন। যদিও গুগল অ্যাসিসট্যান্টে ২০১৮ সালে এবং অ্যামাজনে ২০১৯ সালে কয়েকটি ভাষা সমর্থনের সুযোগ চালু হয়।

আইওএস ১৭ অপারেটিং সিস্টেমের জন্য পুরো পৃষ্ঠার স্ক্রিনশট নেওয়ার সুবিধা যোগ করেছে অ্যাপল। ব্যবহারকারীরা পরে এ স্ক্রিনশট ছবি বা পিডিএফ ফাইল হিসেবে সংরক্ষণ করতে পারবেন। অ্যান্ড্রয়েডে অবশ্য স্ক্রলিং স্ক্রিনশট নামে এ ধরনের সুবিধা চালু রয়েছে।

দ্বৈত সিম কার্ডের ব্যবহার আরও সহজ করতে নতুন সুবিধাও যুক্ত হয়েছে। প্রতিটি সিমের মেসেজ আলাদা করাসহ আলাদা রিংটোনও যুক্ত করা যাবে আইফোনে। অপরিচিত নম্বরে কল করার সময় সিম নির্বাচন করার সুযোগও যুক্ত হয়েছে। এ ছাড়া ই–মেইল ঠিকানা ব্যবহার না করে ফোন নম্বর দিয়েই অ্যাপল আইডিতে প্রবেশ করার সুবিধা যোগ হয়েছে।
সূত্র: টেকক্রাঞ্চ