
দেশের সম্ভাবনাময় স্টার্টআপ প্রতিষ্ঠানের মানোন্নয়নে কাজ করার জন্য ১০ লাখ ডলার বিনিয়োগ পেয়েছে বাংলাদেশের ‘টার্টল ভেঞ্চার স্টুডিও’। বাংলাদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ডেকো ইশো ভেঞ্চার ক্যাপিটালের (ডিআইভিসি) কাছ থেকে এ বিনিয়োগ পেয়েছে প্রতিষ্ঠানটি। আজ বৃহস্পতিবার টার্টল ভেঞ্চার স্টুডিওর সহপ্রতিষ্ঠাতা সারাবন তহুরা প্রথম আলোকে এসব তথ্য জানান।
২০২২ সালে টার্টল ভেঞ্চার স্টুডিও প্রতিষ্ঠা করেন দুই তরুণ উদ্যোক্তা সারাবন তহুরা ও আনোয়ার সায়েফ। কার্যক্রম শুরুর পর থেকেই দেশের তরুণ উদ্যোক্তাদের তৈরি স্টার্টআপ প্রতিষ্ঠানের মানোন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি। নতুন এ বিনিয়োগ পাওয়ার ফলে দেশের নির্বাচিত স্টার্টআপগুলোকে অর্থায়ন, পরামর্শ, কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি সেগুলোকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে তুলে ধরবে টার্টল ভেঞ্চার স্টুডিও। ফলে দেশি স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিদেশি বিনিয়োগ পাওয়ার উপযোগী হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।
বিনিয়োগ পাওয়ার বিষয়ে সারাবন তহুরা বলেন, ‘ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলো মূলত বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করে। অপর দিকে এক্সালেটর প্রোগ্রামের আওতায় বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে সম্ভাবনাময় স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের জন্য নির্বাচন করা হয়। আমরা এই দুটি কাজের সংমিশ্রণে বিনিয়োগের পাশাপাশি স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ধরনের প্রযুক্তি–সুবিধা দিয়ে থাকি। বিভিন্ন দেশে এ ধরনের একাধিক ভেঞ্চার স্টুডিও থাকলেও আমরাই দেশে প্রথমবার এ কার্যক্রম শুরু করেছি। আমরা যে বিনিয়োগ পেয়েছি, তা দেশের বিভিন্ন স্টার্টআপ প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হবে।
সম্প্রতি আমরা বিনিয়োগ পেতে আগ্রহী স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর জন্য আবেদন কার্যক্রম শুরু করেছি। এরই মধ্যে ১৪০টি প্রতিষ্ঠান বিনিয়োগ পাওয়ার জন্য আবেদন করেছে। প্রথম পর্বে চার থেকে পাঁচটি প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার ডলার করে বিনিয়োগ করা হবে। আমাদের সঙ্গে আমাজন ও মাইক্রোসফটের চুক্তি রয়েছে। এ চুক্তির আওতায় বিনিয়োগ পাওয়া প্রতিষ্ঠানগুলো বিনা মূল্যে আমাজনের ক্লাউড সুবিধাসহ মাইক্রোসফটের বিভিন্ন প্রযুক্তি বিনা মূল্যে ব্যবহার করতে পারবে। বাংলাদেশের পাশাপাশি সিঙ্গাপুরেও নিবন্ধন করা হয়েছে টার্টল ভেঞ্চার স্টুডিও। ’
এ বিষয়ে ডেকো ইশো ভেঞ্চার ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হোসেন জানিয়েছেন পর্যাপ্ত সমর্থন ছাড়া প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের তুলে ধরার কারণে অধিকাংশ স্টার্টআপ প্রতিষ্ঠানই ব্যর্থ হয়। আর তাই বাংলাদেশে একটি সমৃদ্ধ স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার জন্য টার্টল ভেঞ্চার স্টুডিওকে সমর্থন করতে পেরে আমরা আনন্দিত।