
পণ্য ডেলিভারি ও রাইড শেয়ার করা ব্যক্তিদের জন্য ‘রাইডারস প্যাক’ অফার চালু করেছে বাংলালিংক। ৪৯৯ টাকার বিশেষ এ অফারের আওতায় ৩০ দিনে ২০ গিগাবাইট ইন্টারনেট ও ৩০০ মিনিট কথা বলা যাবে। শুধু তা–ই নয়, ব্যবহারকারীরা সর্বোচ্চ ১০ গিগাবাইট পর্যন্ত ডেটা খরচ ছাড়াই উবার, ফুডপান্ডা, পাঠাও, ফুডি, গুগল ম্যাপসসহ প্রয়োজনীয় প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলালিংক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিন হাজারো রাইডার যানজট, প্রতিকূল আবহাওয়া ও ব্যস্ত সময়সূচি সামলে কাজ করেন। তাঁরা মানুষের দোরগোড়ায় খাবার পৌঁছে দেন, যাত্রী পরিবহন করেন, জরুরি পার্সেল গন্তব্যে পৌঁছে দেন। কাজের প্রতিটি ধাপে তাঁদের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো স্থিতিশীল মোবাইল ডেটা। নেভিগেশন, অর্ডার ব্যবস্থাপনা ও গ্রাহকের সঙ্গে যোগাযোগ—সবই নির্ভর করে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের ওপর। বিষয়টি বিবেচনায় নিয়েই রাইডারস প্যাক সাজানো হয়েছে, যাতে তাঁদের কর্ম ও ব্যক্তিজীবন আরও সহজ ও স্বাচ্ছন্দ্য হয়।
বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, ‘ডেলিভারি রাইডার ও রাইড শেয়ারিং পার্টনাররা ভোর থেকে গভীর রাত পর্যন্ত আমাদের শহরকে সচল রাখেন। তাঁদের অবদানকে স্বীকৃতি দিয়ে এবং কাজ ও প্রাত্যহিক জীবনকে নির্ভরযোগ্য সংযোগের মাধ্যমে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতেই আমরা রাইডার্স প্যাক চালু করেছি।’
প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামে মাইবিএল অ্যাপের মাধ্যমে এই অফার পাওয়া যাবে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে রাইডার্স প্যাক চালু করা হবে।