
এক দেশের মানুষের সঙ্গে অন্য দেশের মানুষের যোগাযোগের প্রধান অন্তরায় হলো ভাষা। এই বাধা দূর করতে বড় ধরনের ভূমিকা রাখছে গুগলের অনুবাদ সেবা গুগল ট্রান্সলেট। এত দিন গুগল ট্রান্সলেটকে আমরা কেবল এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদের মাধ্যম হিসেবে চিনলেও ২০২৬ সালে এসে এটি এখন একটি পূর্ণাঙ্গ ভাষা শেখার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে গুগল ট্রান্সলেট অ্যাপে প্রথমবারের মতো বাংলা ভাষা থেকে অন্য ভাষা শেখার সুযোগ যুক্ত করেছে গুগল।
গুগলের নতুন ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা এখন নিজেদের প্রয়োজন অনুযায়ী ভাষা শিখতে পারছেন। আপনি যদি বিদেশে ভ্রমণের জন্য কেবল জরুরি শব্দ শিখতে চান বা পেশাগত কারণে অন্য ভাষায় সাবলীলভাবে কথা বলতে চান, তবে গুগল ট্রান্সলেট অ্যাপ আপনার লক্ষ্য অনুযায়ী আলাদা প্র্যাকটিস সেশন তৈরি করে দেবে। এ জন্য বাড়তি কোনো কষ্টও করতে হবে না, গুগল ট্রান্সলেট অ্যাপের ভেতরে থাকা ‘প্র্যাকটিস’ অপশনে ট্যাপ করলেই শুরু হয়ে যাবে ভাষা শেখার কার্যক্রম। এখানে মূলত শ্রবণ ও কথা বলার দক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। অ্যাপ ব্যবহারের সময় কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনাইয়ের মাধ্যমে একটি কাল্পনিক পরিস্থিতি তৈরি করা হবে, যেখানে শব্দগুলো শুনে অর্থ বোঝার অনুশীলন করা যাবে। এ ছাড়া কথা বলতে গিয়ে কোথাও আটকে গেলে অ্যাপটি আপনাকে হিন্টস বা সংকেত দিয়ে সাহায্য করবে।
শিক্ষাবিদ ও ভাষা বিশেষজ্ঞদের সমন্বয়ে তৈরি এই পাঠগুলো নিয়মিত ট্র্যাক করে আপনার অগ্রগতির ফলাফলও জানিয়ে থাকে। ফলে শিক্ষক ছাড়াই আপনি ইংরেজি, স্প্যানিশ বা ফরাসি ভাষায় কথা বলার আত্মবিশ্বাস অর্জন করতে পারবেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের পাইজার অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজি বিভাগের প্রধান ফাতিমা আলমের মতে, যেসব ব্যক্তির ভাষাগত জড়তা আছে, তাদের নতুন ভাষা শেখার ক্ষেত্রে গুগল ট্রান্সলেটের নতুন এই সুযোগ খুবই কার্যকর হবে।
গুগল ট্রান্সলেট অ্যাপের ‘লাইভ ট্রান্সলেট’–সুবিধা কাজে লাগিয়ে দুজন ভিন্ন ভাষার মানুষ সামনাসামনি বসে কোনো রকম জড়তা ছাড়াই কথা বলতে পারবেন। আপনি বাংলায় কথা বললে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে সেটি আপনার সঙ্গীর ভাষায় শুনিয়ে দেবে এবং পর্দার অনুবাদ দেখাবে। একইভাবে সঙ্গী যখন তাঁর ভাষায় উত্তর দেবেন, গুগল সেটি মুহূর্তেই বাংলায় অনুবাদ করে দেবে। শুধু তা–ই নয়, মানুষের কথার মধ্যকার বিরতি, আঞ্চলিক টান ও কণ্ঠস্বরের ওঠানামা শনাক্ত করতে পারে লাইভ ট্রান্সলেট। ফলে কোনো বোতাম বারবার না চেপেও একদম স্বাভাবিকভাবে আলাপ চালিয়ে যাওয়া সম্ভব। বর্তমানে বাংলা, হিন্দি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, কোরিয়ানসহ ৭০টির বেশি ভাষায় এই সুবিধা ব্যবহার করা যাচ্ছে।
সূত্র: গুগল ব্লগ