বাংলালিংক বিশেষ ডেটা প্যাকের ঘোষণা দিয়েছে
বাংলালিংক বিশেষ ডেটা প্যাকের ঘোষণা দিয়েছে

লোডশেডিংয়ে গ্রাহকদের ১ জিবি ডেটা বিনা মূল্যে দিচ্ছে বাংলালিংক

লোডশেডিং ও বিদ্যুৎ–সংকটের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক সেবা প্রায়ই বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে ১ জিবি ডেটা বিনা মূল্যে দিচ্ছে দেশের মোবাইল অপারেটর বাংলালিংক। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলালিংক।

বাংলালিংকের এ উদ্যোগের লক্ষ্য, চলমান জ্বালানি সংকটের সময়ে ভোগান্তিতে থাকা গ্রাহকদের কিছুটা স্বস্তি দেওয়া। সংযোগ বিচ্ছিন্ন হলে যেমন বিরক্তি বাড়ে, তেমনি প্রয়োজনীয় তথ্য পাওয়াও কঠিন হয়ে পড়ে। এ ধরনের পরিস্থিতির কথা মাথায় রেখে বিনা মূল্যে ডেটা প্যাকের ঘোষণা দিয়েছে বাংলালিংক। এই উদ্যোগের আওতায় যেসব এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না, সেসব এলাকার নির্ধারিত গ্রাহকেরা ২৪ ঘণ্টা মেয়াদের ১ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন। অফারটি চালু হলে সংশ্লিষ্ট গ্রাহকদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, ‘সংকটের সময়ে মানুষের পাশে থাকায় বিশ্বাস করে বাংলালিংক। দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে সংযোগে বিঘ্ন ঘটছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের জন্য কিছু করার এটিই উপযুক্ত সময়। আমাদের লক্ষ্য সবার জন্য সর্বোত্তম ও নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করা।’