
সহজে ও নিরাপদে বার্তা-আদান প্রদানের জন্য এক্সচ্যাট নামের নতুন মেসেজিং অ্যাপ চালু করতে যাচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন খুদে ব্লগ লেখার সাইট এক্স (সাবেক টুইটার)। হোয়াটসঅ্যাপ বা সিগন্যাল অ্যাপের আদলে তৈরি অ্যাপটিতে স্বয়ংক্রিয়ভাবে এনক্রিপশন বা বিশেষ কোড যুক্ত করে বার্তা পাঠানোর পাশাপাশি অডিও-ভিডিও ফোনকল, ছবি ও ফাইল আদান-প্রদান করা যাবে। ফলে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে না।
এক্সের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে এক্সচ্যাট অ্যাপের আইওএস ও আইপ্যাড ওএস সংস্করণ উন্মুক্ত করা হবে। ফলে আইফোন ও অ্যাইপ্যাডে অ্যাপটি ব্যবহার করা যাবে। অ্যাপটিতে বার্তা পাঠানোর পাশাপাশি অডিও ও ভিডিও ফোনকল, ফাইল ও গ্রুপ চ্যাট করা যাবে। শুধু তা–ই নয়, পাঠানো বার্তা সম্পাদনা বা মুছে ফেলার সুবিধাও মিলবে।
অ্যাপটির বিষয়ে এক বিজ্ঞপ্তিতে এক্স জানিয়েছে, স্বতন্ত্র অ্যাপ হলেও এক্সচ্যাট শুধু এক্সে অ্যাকাউন্ট থাকা ব্যক্তিরা এক্সচ্যাট ব্যবহার করতে পারবেন। শুরুতে অ্যাপটি কেবল আইফোন ও আইপ্যাডের জন্য চালু করা হবে। ১৭ এপ্রিল অ্যাপটি চালু করা হতে পারে।
প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ, সিগন্যালসহ জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলো ব্যবহারের জন্য অন্য কোনো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট থাকার প্রয়োজন হয় না। শুধু তা–ই নয়, অ্যান্ড্রয়েডের তুলনায় আইওএস ও আইপ্যাড ওএসে চলা যন্ত্রে এক্স ব্যবহারকারীর সংখ্যা বেশ কম। আর তাই এক্সচ্যাট যথেষ্টসংখ্যক ব্যবহারকারীকে আকৃষ্ট করতে পারবে না বলে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে।
সূত্র: ম্যাশেবল