ইনস্টাগ্রামে ছবি বা ভিডিও পোস্ট করলে সেটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের প্রোফাইলের সঙ্গে যুক্ত হয়ে যায়। ফলে অন্য ব্যবহারকারীরা সেই ব্যক্তির প্রোফাইলে ক্লিক করলে সেই ছবি বা ভিডিও দেখতে পারেন। এ জন্য ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অনেকেই পোস্ট করা ছবি বা ভিডিও–পরবর্তী সময়ে মুছে ফেলেন। তবে নির্দিষ্ট ছবি বা ভিডিও আলাদা স্থানে সংরক্ষণ করে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ইনস্টাগ্রামে পোস্ট সংরক্ষণের পদ্ধতি দেখে নেওয়া যাক—
পোস্ট সংরক্ষণের জন্য প্রথমে ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রবেশ করতে হবে। এরপর আলাদা স্থানে সংরক্ষণ করতে চাওয়া পোস্টটিতে ক্লিক করতে হবে। এবার পোস্টের পাশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে আর্কাইভ বাটন নির্বাচন করলেই সেটি প্রোফাইল থেকে মুছে গিয়ে আর্কাইভ অপশনে চলে যাবে।
আর্কাইভ ফোল্ডারে থাকা পোস্টগুলো চাইলে পুনরায় ইনস্টাগ্রামের প্রোফাইলে ফিরিয়ে আনা সম্ভব। এ জন্য ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রবেশ করে ডান দিকের ওপরে থাকা তিনটি রেখা মেনুতে ট্যাপ করতে হবে। এরপর আর্কাইভ বাটন ট্যাপ করে পোস্ট আর্কাইভ অপশন নির্বাচন করতে হবে। এবার নির্দিষ্ট পোস্ট নির্বাচন করে তার পাশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করার পর শো অন প্রোফাইল বাটন নির্বাচন করতে হবে।