গবেষণার মতো জটিল কাজও কম সময়ে করে দেবে এআই গবেষক
গবেষণার মতো জটিল কাজও কম সময়ে করে দেবে এআই গবেষক

এআই গবেষক তৈরি করছে ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট মূলত প্রশ্নের উত্তর দেওয়া বা পড়াশোনায় সহায়তার মতো কাজেই বেশি ব্যবহার করা হয়। কেউ আবার এআই এজেন্টের মাধ্যমে নিয়মিত বিভিন্ন কাজ করেন। এবার গবেষণার মতো জটিল কাজ কম সময়ে করে দিতে সক্ষম এআই গবেষক তৈরি করছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।

ওপেনএআই জানিয়েছে, ‘নর্থ স্টার’ নামের স্বয়ংক্রিয় এআই সিস্টেম জটিল সমস্যা সমাধানে মানুষের নির্দেশনার ওপর নির্ভর না করে নিজেই পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি বাস্তবায়ন করতে পারবে। সহজভাবে বলতে গেলে, এই এআই সিস্টেম নিজেই তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের পাশাপাশি বিভিন্ন ধারণের পরীক্ষা করবে। অর্থাৎ এটি প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। গবেষণার পুরো প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখবে।

ওপেনএআইয়ের প্রধান বিজ্ঞানী ইয়াকুব পাচোস্কি সম্প্রতি এমআইটি টেকনোলজি রিভিউকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, যুক্তিনির্ভর মডেল, স্বয়ংক্রিয় এজেন্ট এবং ইন্টারপ্রিটেবিলিটির মতো গুরুত্বপূর্ণ গবেষণাক্ষেত্রগুলোকে একত্রিত করে একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। এর মাধ্যমে গণিত, পদার্থবিজ্ঞান ও জীবনবিজ্ঞানের জটিল সমস্যা খুব কম সময়ে মানুষের হস্তক্ষেপ ছাড়াই সমাধান করা যাবে।

ওপেনএআইয়ের উদ্দেশ্য হলো চ্যাটবট বা কোডিং অ্যাসিস্ট্যান্টের গণ্ডি পেরিয়ে এমন একটি এআই সিস্টেম তৈরি করা, যা অনেকটা গবেষকের মতো কাজ করবে। এই ব্যবস্থা নিজেই কাজ নির্ধারণ, বিশ্লেষণ, পরীক্ষা ও ফলাফল মূল্যায়নের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। এই লক্ষ্য বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে ‘এআই গবেষণা ইন্টার্ন’ তৈরির পরিকল্পনা নিয়েছে ওপেনএআই। এটি হবে এমন একটি স্বয়ংক্রিয় এজেন্ট, যা মানুষের কয়েক দিনের গবেষণার কাজ তুলনামূলক কম সময়ে সম্পন্ন করতে পারবে।

সূত্র: ইন্ডিয়া টুডে