জেমিনি
জেমিনি

চ্যাটজিপিটিসহ অন্যান্য চ্যাটবটের তথ্য স্থানান্তর করা যাবে জেমিনিতে

নতুন কোনো চ্যাটবট ব্যবহার শুরু করলে প্রথমেই নিজেদের পছন্দ, অভ্যাস ও প্রয়োজনীয় তথ্য জানাতে হয়। এ প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় অনেকের জন্য তা বিরক্তিকরও বটে। ব্যবহারকারীদের এই সমস্যা দূর করতে নিজেদের তৈরি জেমিনি চ্যাটবটে ‘সুইচিং টুল’ চালু করেছে গুগল, যা কাজে লাগিয়ে চ্যাটজিপিটিসহ নিজেদের ব্যবহৃত পুরোনো চ্যাটবটের তথ্য সরাসরি জেমিনিতে স্থানান্তর করা যাবে। ফলে আলাদাভাবে নিজের সম্পর্কে তথ্য দিয়ে জেমিনি চ্যাটবটকে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন অনেকটাই কমে আসবে।

এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, একবার পুরোনো চ্যাটবটের ‘মেমোরি’ বা ব্যক্তিগত তথ্য এক্সপোর্ট করলে ব্যবহারকারীদের আগ্রহ, সম্পর্ক, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে ধারণা নিতে পারবে জেমিনি। এতে নতুনভাবে শুরু না করে আগের অভিজ্ঞতার ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে। এ ছাড়া জেমিনি এখন জিমেইল ও গুগল ফটোজসহ সংযুক্ত বিভিন্ন গুগল সেবা থেকেও তথ্য নিয়ে কাজ করতে পারে। গুগলের ‘পারসোনাল ইন্টেলিজেন্স’ প্রযুক্তির মাধ্যমে এই সুবিধা দেওয়া হচ্ছে। এটি ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী আরও প্রাসঙ্গিক উত্তর দিতে সহায়তা করবে।

চ্যাটজিপিটিসহ অন্যান্য চ্যাটবটের তথ্য স্থানান্তর করার সুবিধাটি ব্যবহারের জন্য প্রথমে জেমিনি অ্যাপের সেটিংস অপশনে গিয়ে ‘নিউ ইমপোর্ট’ নির্বাচন করতে হবে। এরপর সেখানে দেওয়া নির্দিষ্ট প্রম্পট কপি করে সেটি আগে ব্যবহৃত চ্যাটবটে পেস্ট করতে হবে। চ্যাটবট তখন ব্যবহারকারীর পছন্দ ও প্রয়োজনীয় তথ্যের একটি সারসংক্ষেপ তৈরি করবে। সেই সারসংক্ষেপ কপি করে জেমিনির সেটিংসে পেস্ট করে ‘অ্যাড মেমোরি’ অপশনে যুক্ত করলেই তথ্য স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের গোপনীয় সরকারি নেটওয়ার্কে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্তের পর তীব্র সমালোচনার মুখে পড়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। শুধু তা–ই নয়, ঘোষণা দেওয়ার ৪৮ ঘণ্টার কম সময়ে ১৫ লাখের বেশি ব্যবহারকারী চ্যাটজিপিটির সাবস্ক্রিপশন বাতিল করেছেন। এরই ধারাবাহিকতায় জেমিনিতে চ্যাটজিপিটিসহ অন্যান্য চ্যাটবটের তথ্য স্থানান্তর করার সুবিধা চালু করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ম্যাশেবল