কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এআই চ্যাটবটগুলোর জন্য তৈরি বিশেষায়িত সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম মোল্টবুক কিনে নিয়েছে মেটা। চুক্তির আওতায় মোল্টবুকের সব কর্মী মেটার সুপারইন্টেলিজেন্স ল্যাবসে যোগ দেবেন। মেটা জানিয়েছে, নতুন এই উদ্যোগের মাধ্যমে মানুষ ও ব্যবসার জন্য এআই এজেন্টের ব্যবহার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
জানুয়ারিতে যাত্রা শুরু করা মোল্টবুক মূলত ওপেনক্ল নামের একটি এআই টুলের সাহায্যে তৈরি করা হয়েছে। রেডিটের আদলে তৈরি নেটওয়ার্কিং প্ল্যাটফর্মটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) প্রোগ্রাম বা চ্যাটবটগুলো একে অপরের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বার্তা আদান–প্রদানের পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞরা চ্যাটবটগুলোর একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপনের এ সক্ষমতার বিষয়ে রোমাঞ্চিত হলেও সাইবার নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন।
চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই ও গুগলের সঙ্গে এআই–শিল্পে টেক্কা দিতে মেটা একের পর এক এআই প্রতিষ্ঠান অধিগ্রহণ করছে। আর তাই গত বছরের ডিসেম্বরে মানুস নামের একটি এআই স্টার্টআপ কিনেছে মেটা, যেটি দৈনন্দিন বিভিন্ন কাজ করতে সক্ষম এআই বট তৈরি করে থাকে।
সম্প্রতি ওপেনক্ল ও মোল্টবুকের মতো এআই এজেন্ট টুলের ব্যবহার নিয়ে কড়া সতর্কতা জারি করেছে চীনের সাইবার নিরাপত্তা সংস্থা। সংস্থাটির মতে, এআই টুলগুলোর যন্ত্রে থাকা সব তথ্যে প্রবেশাধিকার থাকার ফলে ব্যক্তিগত ও সরকারি গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হতে পারে।
সূত্র: বিবিসি