
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ছোঁয়ায় স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে নিত্যনতুন নানা সুবিধা। এরই ধারাবাহিকতায় নিজেদের ওয়েবসাইটে রোগ অনুযায়ী দ্রুত স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন তথ্য জানানোর পাশাপাশি চিকিৎসকের সন্ধান দিতে এআই চ্যাটবট যুক্ত করেছে ‘ডক্টরস২৪’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আঙ্গিকে যাত্রা শুরু করা ডক্টরস২৪ প্ল্যাটফর্মটির তথ্য অনুসন্ধান কার্যক্রম আরও সহজ করতে ওয়েবসাইটের সার্চ বক্সে ‘এআই ডক্টর অ্যাসিস্ট্যান্ট’ নামের এআই চ্যাটবট যুক্ত করা হয়েছে। এর ফলে সার্চ বক্সে প্রয়োজনীয় তথ্য লিখে সার্চ করলেই এআই চ্যাটবটটি ব্যবহারকারীদের স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তরসহ নির্দিষ্ট চিকিৎসক বা হাসপাতালের তথ্য দ্রুত জানিয়ে দেয়। ফলে নির্ভরযোগ্য তথ্যের ওপর ভিত্তি করে ব্যবহারকারীরা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।
ডক্টরস২৪ প্ল্যাটফর্মের চেয়ারম্যান মো. আক্তার হোসেন বলেন, ‘এই এআই চ্যাটবটের লক্ষ্য চিকিৎসকের বিকল্প হওয়া নয়, বরং সাধারণ মানুষের কাছে সঠিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্যতথ্য দ্রুততম সময়ে পৌঁছে দেওয়া। আমরা প্রযুক্তিকে এমনভাবে সমন্বিত করছি, যাতে একজন মানুষ খুব সহজেই সঠিক সময়ে সঠিক চিকিৎসকের পরামর্শের আওতায় আসতে পারেন।’
ডক্টরস২৪ প্ল্যাটফর্মের তথ্যমতে, এআই ডক্টর অ্যাসিস্ট্যান্ট চ্যাটবট কোনো ধরনের রোগ নির্ণয়, চিকিৎসাপত্র বা সরাসরি চিকিৎসকের বিকল্প হিসেবে পরামর্শ প্রদান করে না, বরং নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্যে ওপর ভিত্তি করে ব্যবহারকারীদের সঠিক সিদ্ধান্ত নিতে পথ দেখায়। ওয়েবসাইটের পাশাপাশি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্ল্যাটফর্মটির বিস্তারিত তথ্য জানা যাবে।
প্রসঙ্গত, ডক্টরস২৪ প্ল্যাটফর্মে বর্তমানে ৫ হাজারের বেশি নিবন্ধিত চিকিৎসকের প্রোফাইল এবং ৩৫০টির বেশি হাসপাতালের তথ্য রয়েছে। এর ফলে ব্যবহারকারীরা সহজেই রোগ অনুযায়ী সঠিক চিকিৎসকের সন্ধান পাওয়ার পাশাপাশি চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, রোগী দেখার সময় ও হাসপাতালের অবস্থান জানতে পারেন। বিভিন্ন রোগ, প্রতিরোধের উপায় ও সাধারণ স্বাস্থ্যসচেতনতামূলক তথ্যও জানা যায় প্ল্যাটফর্মটিতে।