কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চ্যাটবট জেমিনির ‘পারসোনাল ইন্টেলিজেন্স’ ফিচারে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। সুবিধাটি চালুর ফলে জেমিনি এখন থেকে ব্যবহারকারীদের স্মার্টফোনে থাকা গুগল ফটোজের বিশাল লাইব্রেরি ব্যবহার করতে পারবে। শুধু তা–ই নয়, গুগল ফটোজে থাকা ছবিগুলো পর্যালোচনা করে ব্যবহারকারীদের কৃত্রিম ছবিও তৈরি করে দেবে।
সাধারণত এআইয়ের মাধ্যমে ছবি তৈরি করতে হলে বিস্তারিত প্রম্পট বা বর্ণনার প্রয়োজন হয়। কিন্তু নতুন এই সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা কেবল ‘মি’ লিখে প্রম্পট দিলেই জেমিনি গুগলের ছবি তৈরির এআই মডেল ‘ন্যানো ব্যানানা ২’ কাজে লাগিয়ে ব্যবহারকারীদের পুরোনো ছবি থেকে নতুন ছবি তৈরি করে দেবে।
এআই চ্যাটবটকে আগে যেখানে প্রতিটি ছোটখাটো বিষয় প্রম্পটে লিখে বোঝাতে হতো। এর ফলে অনেকেই নিজেদের পছন্দমতো কৃত্রিম ছবি তৈরি করতে পারতেন না। জেমিনির নতুন সুবিধাটি এ সমস্যার সমাধান দেবে। তবে জেমিনি গুগল ফটোজে থাকা ব্যক্তিগত ছবির লাইব্রেরি ব্যবহার করায় ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা ভঙ্গের আশঙ্কা করা হচ্ছে।
সম্প্রতি জেমিনি অ্যাপে বিনা মূল্যে নোটবুকস সুবিধা ব্যবহারের সুযোগ চালু করেছে গুগল। সুবিধাটি চালুর ফলে জেমিনিতে সহজেই ভিডিও ওভারভিউ, তথ্যচিত্র, সারাংশসহ বিভিন্ন ধরনের আধেয় বা কনটেন্ট তৈরি করা যাবে, যা জটিল তথ্যকে সহজভাবে বুঝতে সাহায্য করবে।
সুত্র: টেক রাডার