ইন্টেল যোগ দিচ্ছে ইলন মাস্কের প্রকল্পে
ইন্টেল যোগ দিচ্ছে ইলন মাস্কের প্রকল্পে

মাস্কের ‘টেরাফ্যাব’ চিপ প্রকল্পে কেন যোগ দিচ্ছে ইন্টেল

ইলন মাস্কের উচ্চাভিলাষী ‘টেরাফ্যাব’ চিপ প্রকল্পে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টেল। স্পেসএক্স ও টেসলার সঙ্গে যৌথভাবে পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য হলো মাস্কের রোবোটিকস ও ডেটা সেন্টার খাতের জন্য শক্তিশালী প্রসেসর তৈরি করা। গত মঙ্গলবার এই ঘোষণার পর ইন্টেলের শেয়ারের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। ইন্টেলের প্রধান নির্বাহী লিপ বু তান ও ইলন মাস্কের করমর্দন করার একটি ছবি পোস্ট করে কোম্পানিটি জানিয়েছে, গত সপ্তাহে বিশ্বের শীর্ষ ধনীদের একজন ইলন মাস্ক তাঁদের ক্যাম্পাস পরিদর্শনে এসেছিলেন।

কয়েক মাস আগেই মাস্ক জানিয়েছিলেন, টেসলার স্বয়ংক্রিয় প্রযুক্তির লক্ষ্য পূরণে একটি বিশাল এআই চিপ কারখানা বা ‘ফ্যাব’ তৈরি করা হবে এবং সেখানে ইন্টেলের সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

খুদে ব্লগ লেখার সাইট এক্সে দেওয়া এক পোস্টে ইন্টেল জানিয়েছে, তাদের সক্ষমতা ‘টেরাফ্যাব’–এর লক্ষ্য অর্জনে গতি আনবে। এই প্রকল্পের লক্ষ্য হলো এআই ও রোবোটিকসের ভবিষ্যতের অগ্রগতির জন্য প্রতিবছর ১ টেরাওয়াট কম্পিউট ক্ষমতা উৎপাদন করা।

লিপ বু তান আলাদা এক পোস্টে বলেন, পুরো শিল্পকে নতুন করে সাজানোর ক্ষেত্রে ইলনের সফল ট্র্যাক রেকর্ড রয়েছে। সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে বর্তমানে ঠিক এটিই প্রয়োজন। সিলিকন লজিক, মেমোরি ও প্যাকেজিং ভবিষ্যতে কীভাবে তৈরি হবে, তার আমূল পরিবর্তন আনবে এই টেরাফ্যাব।

গত মাসে মাস্ক জানিয়েছিলেন যে তাঁর রকেট কোম্পানি স্পেসএক্স ও টেসলা মিলে টেক্সাসের অস্টিনে দুটি উন্নত চিপ কারখানা তৈরি করবে। এর মধ্যে একটি কারখানা গাড়ি ও হিউম্যানয়েড রোবটকে শক্তি জোগাবে এবং অন্যটি মহাকাশভিত্তিক এআই ডেটা সেন্টারের জন্য ডিজাইন করা হবে।

এদিকে স্পেসএক্স যুক্তরাষ্ট্রে আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) ছাড়ার জন্য গোপনীয়ভাবে আবেদন করেছে। এটি পুঁজিবাজারের ইতিহাসে বৃহত্তম তালিকাভুক্তির রেকর্ড গড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের শেষের দিকেই কোম্পানিটি বাজারে আসার লক্ষ্য নির্ধারণ করেছে।

এআই প্রতিযোগিতায় পিছিয়ে থাকা ইন্টেলের জন্য এই অংশীদারত্ব বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়ে দেবে। প্রসেসরের চাহিদা বাড়ায় কোম্পানিটির আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে এবং ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা গতি পাচ্ছে।

ডিএ ডেভিডসন–এর বিশ্লেষক গিল লুরিয়া বলেন, ইন্টেলকে প্রমাণ করতে হবে যে তারা বড় গ্রাহকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পে সহায়তা করতে সক্ষম এবং টেসলার সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে ঠিক সেটিই ফুটে উঠছে। তিনি একে চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির পুনর্গঠনের একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন।

এক বছরের বেশি সময় ধরে ইন্টেলের নেতৃত্বে থাকা লিপ বু তান কোম্পানিটির আর্থিক অবস্থা মেরামতের জন্য কর্মী ছাঁটাই ও সম্পদ বিক্রিসহ নানা কঠোর পদক্ষেপ নিচ্ছেন। এরই মধ্যে কোম্পানিটি এনভিডিয়া ও মার্কিন সরকারের কাছ থেকে বিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছে। বর্তমানে মার্কিন সরকারই ইন্টেলের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার।

ইন্টেলের ঘুরে দাঁড়ানোর কৌশলের একটি অন্যতম অংশ হলো তাদের চিপ তৈরির ব্যবসা ‘ইন্টেল ফাউন্ড্রি’। যদিও এই খাত এখনো বড় ধরনের লোকসানে রয়েছে। ২০২৫ সালে এই খাতে ১০ দশমিক ৩২ বিলিয়ন ডলারের অপারেটিং লস হয়েছে, যেখানে রাজস্ব বেড়েছে মাত্র ৩ শতাংশ। তা সত্ত্বেও ইন্টেল এখন তাদের ‘১৮এ’ ম্যানুফ্যাকচারিং প্রযুক্তির ওপর গুরুত্ব দিচ্ছে। গত মাসেই কোম্পানিটি জানিয়েছে, আগে এটি মূলত নিজেদের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য রাখা হলেও এখন তা বাইরের গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হতে পারে।

সূত্র: রয়টার্স