ওপেন এআইয়ের প্রধান স্যাম অল্টম্যান
ওপেন এআইয়ের প্রধান স্যাম অল্টম্যান

পেন্টাগনের সঙ্গে চুক্তির পর ৪৮ ঘণ্টায় ১৫ লাখ গ্রাহক হারানোর দাবি, চাপে ওপেনএআই

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের গোপনীয় সরকারি নেটওয়ার্কে কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্তের পর তীব্র সমালোচনার মুখে পড়েছে স্যাম অল্টম্যানের নেতৃত্বাধীন ওপেনএআই। ফোর্বস সাময়িকী জানিয়েছে, ঘোষণার ৪৮ ঘণ্টার কম সময়ে ১৫ লাখের বেশি ব্যবহারকারী চ্যাটজিপিটির সাবস্ক্রিপশন বাতিল করেছেন। তবে এই পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। গ্রাহক হারানোর অভিযোগ বা সংখ্যার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ওপেনএআই।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান আনথ্রপিক যুক্তরাষ্ট্র সরকারের কাছে তাদের মডেলে ‘অসীমিত প্রবেশাধিকার’ দিতে অস্বীকৃতি জানিয়েছে। এই অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। এর পরপরই একাংশ ব্যবহারকারী ওপেনএআই ছেড়ে অ্যানথ্রপিকের ক্লড চ্যাটবটে চলে যাচ্ছেন। সপ্তাহান্তে ক্লড অ্যাপল অ্যাপ স্টোরের ডাউনলোড তালিকায় শীর্ষে উঠে আসে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে জনপ্রিয়তায় সাময়িকভাবে চ্যাটজিপিটিকে ছাড়িয়ে যায় অ্যাপটি। তবে এই প্রবণতা দীর্ঘ মেয়াদে কতটা প্রভাব ফেলবে, তা এখনো স্পষ্ট নয়।

সম্প্রতি পেন্টাগনের সঙ্গে একটি চুক্তি সই করে ওপেনএআই। চুক্তির আওতায় নিরাপদ ও সংরক্ষিত সরকারি ব্যবস্থায় প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হবে। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। সমালোচকদের একাংশের অভিযোগ, সামরিক খাতে প্রযুক্তি সরবরাহের মাধ্যমে ওপেনএআই পরোক্ষভাবে সামরিক কার্যক্রমকে সমর্থন করছে। বয়কট নিয়ে কাজ করা ওয়েবসাইটের দাবি, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) সঙ্গে পূর্ববর্তী চুক্তি, ওপেনএআইয়ের প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যানের ম্যাগা ইনকে ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার অনুদানের খবর এবং সর্বশেষ পেন্টাগন চুক্তি এই তিনটি বিষয় মিলেই ব্যবহারকারীদের একাংশকে সাবস্ক্রিপশন বাতিলে প্রভাবিত করেছে। তবে এসব অভিযোগ বা গ্রাহক হারানোর বিষয়ে এখনো ওপেনএআই বা সংশ্লিষ্ট পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া