সার্চ ফলাফলে সংবাদের মূল শিরোনামের পরিবর্তে বিকল্প শিরোনাম দেখানোর পরীক্ষা চালাচ্ছে গুগল
সার্চ ফলাফলে সংবাদের মূল শিরোনামের পরিবর্তে বিকল্প শিরোনাম দেখানোর পরীক্ষা চালাচ্ছে গুগল

এআই দিয়ে সংবাদের শিরোনাম বদলে দেবে গুগল, বিভ্রান্তির আশঙ্কা

বিশ্বজুড়ে নিজেদের বিভিন্ন সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে গুগল। সেই ধারাবাহিকতায় এবার সার্চ ফলাফলে সংবাদের মূল শিরোনামের পরিবর্তে বিকল্প শিরোনাম দেখানোর পরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীরা গুগল সার্চে সংবাদের মূল শিরোনামের পরিবর্তে ভিন্নভাবে উপস্থাপিত শিরোনাম দেখতে পাচ্ছেন। ফলে প্রযুক্তিবিশ্বে গুগলের নতুন এই উদ্যোগ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি ‘আই ইউজড দ্য “চিট অন এভরিথিং” এআই টুল অ্যান্ড ইট ডিডন্ট হেল্প মি চিট অন এনিথিং’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করা হয়। কিন্তু গুগল সার্চ সেই নিবন্ধ ‘চিট অন এভরিথিং এআই টুল’ শিরোনামে প্রদর্শন করে। শিরোনামটি দেখে সংশ্লিষ্ট টুলটির প্রতি ইতিবাচক ধারণা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। অর্থাৎ গুগল সার্চে প্রদর্শিত শিরোনামটি নিবন্ধের প্রকৃত বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।

বিশেষজ্ঞদের মতে, গুগল সার্চের নতুন পরিবর্তনটি ব্যবহারকারীদের সহজেই বিভ্রান্ত করতে পারে। কারণ, অধিকাংশ পাঠকের কাছে শিরোনাম কোনো সংবাদের প্রথম এবং অনেক সময় একমাত্র ধারণার উৎস হিসেবে কাজ করে। ফলে শিরোনামে অসামঞ্জস্য দেখা দিলে তথ্যের ভুল ব্যাখ্যার ঝুঁকি তৈরি হয়।

এ বিষয়ে গুগলের এক মুখপাত্র দ্য ভার্জকে জানিয়েছেন, পরীক্ষাটি এখনো সীমিত পরিসরে রয়েছে এবং এটি বড় পরিসরে চালুর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আরেক মুখপাত্র জানান, ব্যবহারকারীর অনুসন্ধানের সঙ্গে সবচেয়ে প্রাসঙ্গিক ও উপযোগী শিরোনাম নির্ধারণের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, সংবাদের শিরোনাম পরিবর্তনের বিষয়টি বিশেষভাবে সংবেদনশীল। কারণ, গুগল সার্চের মাধ্যমে সংবাদ খুব অল্প সময়ের মধ্যেই বিপুলসংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় এবং জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদিও এখনো সব অঞ্চলে এই পরিবর্তনের প্রভাব স্পষ্ট নয়।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ