কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিরাপত্তা নিয়ে যৌথভাবে একটি স্বাধীন সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছে গুগল, ওপেনএআই ও অ্যানথ্রপিক। চলতি বছরের শেষ নাগাদ অথবা ২০২৭ সালের শুরুর দিকে সংস্থাটি কার্যক্রম শুরু করতে পারে। দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যুক্তরাষ্ট্রের সাবেক হোয়াইট হাউস এআই নীতি উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণনের সঙ্গে যোগাযোগ করেছে তিন প্রতিষ্ঠান। সংস্থাটির সাময়িক নাম রাখা হয়েছে ‘স্ট্যান্ডার্ডস অথরিটি ফর ফ্রন্টিয়ার এআই’ বা ‘সাফা’। সরকারের নিয়ন্ত্রণের বাইরে স্বাধীনভাবে কাজ করবে সাফা। গুগল, ওপেনএআই ও অ্যানথ্রপিক এআই নিরাপত্তা নিয়ে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলোকে নির্দিষ্ট ও পরীক্ষাযোগ্য মানদণ্ডে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। পাশাপাশি বাণিজ্যিকভাবে উন্মুক্ত করার আগে উন্নত এআই মডেলের নিরাপত্তা যাচাইয়ের ক্ষেত্রে ডেভেলপারদের সহায়তা করার কথাও ভাবা হচ্ছে।
শ্রীরাম কৃষ্ণনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের অফিস অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসির সাবেক পরিচালক আরতি প্রভাকরের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁকেও সাফার সিইও পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। সাফা শুধু এআই নিরাপত্তার মানদণ্ড তৈরি করবে, নাকি নিজেই এআই মডেলের নিরাপত্তা পরীক্ষা করবে এ বিষয়েও তিন প্রতিষ্ঠান আলোচনা করছে। পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে দ্য ইনফরমেশন জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের বর্তমান ‘সেন্টার ফর এআই স্ট্যান্ডার্ডস অ্যান্ড ইনোভেশন’–এর সবচেয়ে উন্নত এআই মডেল পরীক্ষা করার মতো প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা ও অর্থায়ন না–ও থাকতে পারে।
তবে যৌথ এআই নিরাপত্তা কাঠামো তৈরির উদ্যোগটি একেবারে নতুন নয়। প্রায় ১০ দিন আগে ওপেনএআইয়ের এক মুখপাত্র সিএনবিসিকে জানিয়েছিলেন, গুগল ও অ্যানথ্রপিকের সঙ্গে একটি যৌথ নিরাপত্তা কাঠামো তৈরির বিষয়ে সক্রিয়ভাবে আলোচনা করছে ওপেনএআই।
এর আগে গত জুলাইয়ে গুগল ডিপমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা ও অ্যালফাবেটের প্রধান বিজ্ঞানী ডেমিস হাসাবিস যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এআই মান নির্ধারণকারী সংস্থা গঠনের প্রস্তাব দিয়েছিলেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে অথবা এআই শিল্পের স্বনিয়ন্ত্রিত প্রতিষ্ঠান হিসেবে এ ধরনের সংস্থা গড়ে তোলা যেতে পারে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রেগুলেটরি অথরিটিন (ফিনরা) উদাহরণও দেন তিনি। গুগল, ওপেনএআই ও অ্যানথ্রপিক এআইয়ের বাজারে আধিপত্য বিস্তার নিয়ে একে অপরের সঙ্গে তীব্র প্রতিযোগিতা করছে। একই সময়ে উন্নত এআই মডেলের নিরাপত্তা ও সাইবার নিরাপত্তার ঝুঁকি নিয়েও প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়ছে।
চলতি মাসে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই এক নিবন্ধে এআই–শিল্পে আরও সক্ষম ‘ফ্রন্টিয়ার’ মডেল তৈরির ও বাজারে আনার গতি ইচ্ছাকৃতভাবে কমানোর আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ার সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তার ব্যবস্থা উন্নত করার জন্য শিল্প খাতকে পর্যাপ্ত সময় দিতে হবে।
সূত্র: নিউজ১৮ ডটকম