ধরুন, বেলা ২টা। ডায়াগনস্টিক সেন্টারের বেঞ্চে বসে ৪৮ বছর বয়সী রুমানা (ছদ্মনাম) ম্যামোগ্রামের রিপোর্টের অপেক্ষায় আছেন। বুকের ভেতরে অজানা ভয়; কিন্তু তিনি জানেন না, এই ছবি আজ হয়তো দুই জোড়া চোখ দেখছে, এক জোড়া মানুষের, আরেক জোড়া যন্ত্রের।
চিকিৎসা-ছবি বিশ্লেষণকারী এআই বা মেডিক্যাল ইমেজিং এআই এক্স-রে, সিটি স্ক্যান ও ম্যামোগ্রামে সন্দেহজনক অংশ চিহ্নিত করে দেয়। সুইডেনের বিখ্যাত ম্যাসাই (এমএএসএআই) পরীক্ষায় প্রায় এক লাখ নারীকে নিয়ে দেখা গেছে, এআই-সহায়তায় স্ক্রিনিং করলে পরবর্তী বছরগুলোয় ধরা পড়া ক্যানসার ১২ শতাংশ কমে। আগের এক বিশ্লেষণে চিকিৎসকদের ছবি ‘পড়ার’ কাজও কমেছিল প্রায় ৪৪ শতাংশ। দ্য ল্যানসেট–এ ২০২৬ সালের জানুয়ারিতে এই ফল প্রকাশিত হয়েছে।
তবে ঝুঁকি কিছুটা আছে। গবেষকেরা নিজেই বলছেন, পরীক্ষাটি একটি দেশে, একধরনের যন্ত্র ও একটি এআই-ব্যবস্থায় হয়েছে। আর এআই-সহায়তার পরও অন্তত একজন মানব-চিকিৎসকের দরকার।
আপনি কী করবেন?
l রিপোর্টে চিকিৎসকের স্বাক্ষর আছে কি না দেখুন।
l এআই বলেছে শুনে নিজে সিদ্ধান্ত নেবেন না, চিকিৎসকের সঙ্গে কথা বলুন।
l চিকিৎসকের পরামর্শমতো নির্ধারিত বয়সে নিয়মিত স্ক্রিনিং করান। কারণ, আগে ধরা পড়লে চিকিৎসা সহজ হয়।
এটা সহযোগিতার গল্প। দুজনের চোখ একসঙ্গে খুললে রোগীই সবচেয়ে বেশি লাভবান হন।
l লেখক: টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর