ঈদের ছুটিতে নিজের গাড়ি নিয়ে প্রিয়জনের সঙ্গে দেখা করতে যান অনেকেই। দূরের পথে হঠাৎ করেই গাড়ির ইঞ্জিনে সমস্যা দেখা দিতে পারে। আবার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর পরবর্তী সময়ে গাড়ি চালু না হওয়ার সমস্যাও হয় অনেকের। ঈদের ছুটি থাকায় চাইলেও আশপাশে ওয়ার্কশপ বা গাড়ি মেরামতের দক্ষ কর্মী খুঁজে পাওয়া যায় না। তবে চাইলেই গাড়ির ইঞ্জিনের বেশ কিছু সাধারণ সমস্যা নিজেই মেরামত করা যায়।
চলতি পথে কিছু সময়ের জন্য যাত্রাবিরতি করলে অনেক সময় গাড়ির ইঞ্জিন পুনরায় চালু হয় না। যাঁরা নিয়মিত গাড়ি চালান, তাঁদের অনেকেরই চলতি পথে হঠাৎ গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে। গাড়ির ইঞ্জিন চালু না হলে কয়েকটি বিষয়ে নজর দিতে হবে। মনে রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণ তেল বা গ্যাস না থাকলে হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যেতে পারে। এ জন্য প্রথমেই গাড়ির ড্যাশবোর্ডে জ্বালানি শেষ হওয়ার সংকেত দেখা যাচ্ছে কি না, তা দেখতে হবে। কোনো সংকেত দেখা না গেলে জ্বালানির সরবরাহ লাইন পরীক্ষা করতে হবে। ব্যাটারি দুর্বল হলেও অনেক সময় গাড়ির ইঞ্জিন চালু হতে চায় না। এ ক্ষেত্রে বিকল্প ব্যাটারি বা পাওয়ার স্টার্টআপ ব্যবহার করে তৎক্ষণাৎ সমস্যার সমাধান করা যেতে পারে। পাওয়ার স্টার্টআপ যন্ত্রের আকার পাওয়ার ব্যাংকের সমান বা তার চেয়ে একটু বড় হয়ে থাকে। আর তাই এ ধরনের সমস্যা এড়াতে গাড়িতে সব সময় পাওয়ার স্টার্টআপ যন্ত্র রাখতে হবে।
রাস্তায় চলার সময় গাড়ির ইঞ্জিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। ইঞ্জিন অতিরিক্ত গরম হলে গাড়ি বন্ধ হয়ে যেতে পারে। অনেক সময় নিম্নমানের বা ভেজাল ইঞ্জিন অয়েলের কারণেও এ সমস্যা হয়। ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে গেলে ড্যাশবোর্ডে লাল রঙের একটি বিশেষ চিহ্ন দেখা যায়। এই চিহ্ন দেখার পর দ্রুত গাড়ি থামিয়ে ২৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত ইঞ্জিন বন্ধ রাখতে হবে। এরপর গাড়ির ইঞ্জিন চালুর পর যদি চিহ্নটি দেখা না যায়, তবে গাড়ি চালানো যাবে। দীর্ঘদিন গাড়ি না চালালেও গাড়ির ইঞ্জিন চালু হতে সমস্যা হয়। এ সময় ড্যাশবোর্ডে নীল রঙের চিহ্ন দেখা যায়। সমস্যা সমাধানে ইঞ্জিন গরম করার জন্য গাড়িকে নিউট্রালে বা পার্কিং অপশনে রেখে ঘন ঘন থ্রটল প্রেস করতে হবে।
গাড়ি চালানোর সময় অন্যদের সতর্ক করতে হর্ন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাত্রাপথে হঠাৎ করে হর্ন কাজ না করলে দুটি বিষয় গুরুত্বসহকারে পরীক্ষা করতে হবে। গাড়ির হর্ন চাপ দেওয়ার পর যদি কোনো শব্দও না হয় তাহলে ইঞ্জিনের ফিউজ বক্স পরীক্ষা করতে হবে। এ জন্য প্রথমে গাড়ির সামনের বনেটে থাকা ফিউজ বক্সে ঢাকনাটি খুলতে হবে। ফিউজ বক্সে পাশাপাশি তিনটি ফিউজ থাকলেও মাঝেরটি মূলত হর্নের জন্য ব্যবহার হয়ে থাকে। ফিউজটি বদলে ফেললেই হর্নের সমস্যা দূর হয়ে যাবে। এ ছাড়া গাড়ির হর্নে রিলে বলে একধরনের কানেক্টর থাকে। এই রিলে নষ্ট হলেও হর্ন বাজে না। প্রতিটি গাড়িতে সাধারণত দুটি হর্ন থাকে। আর তাই একটি হর্ন নষ্ট হলে কানেক্টরের মাধ্যমে অন্য হর্ন যুক্ত করে হর্ন সমস্যা দূর করা সম্ভব।
এ ছাড়া গাড়ির ইঞ্জিনের ডিস্ট্রিবিউটর, কমপ্রেশন লিক, এগজস্ট, অলটারনেটর, ক্রাঙ্কশিফট পজিশন সেন্সর, টাইমিং বেল্ট টেনশনসহ ফুয়েল পাম্প ডিভাইসের কারণেও গাড়ির ইঞ্জিনে সমস্যা দেখা দিতে পারে। এসব সমস্যা সমাধানের জন্য দক্ষ কারিগর বা ওয়ার্কশপে সহায়তা নিতে হবে।