ইয়েস পার্কিং সেবা কাজে লাগিয়ে যেকোনো ব্যক্তি অর্থের বিনিময়ে গাড়ি বা মোটরসাইকেল নির্দিষ্ট সময় পর্যন্ত পার্ক করতে পারবেন
ইয়েস পার্কিং সেবা কাজে লাগিয়ে যেকোনো ব্যক্তি অর্থের বিনিময়ে গাড়ি বা মোটরসাইকেল নির্দিষ্ট সময় পর্যন্ত পার্ক করতে পারবেন

বাংলাদেশ সামরিক জাদুঘর প্রাঙ্গণে অ্যাপনির্ভর ইয়েস পার্কিং সেবা চালু

বাংলাদেশ সামরিক জাদুঘরে আসা দর্শনার্থীদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আধুনিক করতে অ্যাপনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করেছে বি-ট্র্যাক সলিউশনস লিমিটেড। গতকাল রোববার থেকে জাদুঘর প্রাঙ্গণে চালু হওয়া প্রযুক্তিনির্ভর এই পার্কিং সেবা কাজে লাগিয়ে দর্শনার্থীদের পাশাপাশি যেকোনো ব্যক্তি অর্থের বিনিময়ে গাড়ি বা মোটরসাইকেল নির্দিষ্ট সময় পর্যন্ত নিরাপদে পার্ক করতে পারবেন। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বি-ট্র্যাক সলিউশনস লিমিটেড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইয়েস পার্কিং অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই জাদুঘর প্রাঙ্গণে গাড়ি বা মোটরসাইকেল রাখার জন্য খালি জায়গা খুঁজে পাওয়ার পাশাপাশি ফি পরিশোধ করতে পারবেন। সহজ নেভিগেশন–সুবিধা থাকায় অ্যাপটি দর্শনার্থীদের নিরবচ্ছিন্ন পার্কিং অভিজ্ঞতা নিশ্চিত করবে, যা তাঁদের ভ্রমণকে আরও সহজ ও নিরাপদ করবে।

জাদুঘর প্রাঙ্গণের এই পার্কিং সেবা বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল সাড়ে ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। শুক্রবার এই সেবা পাওয়া যাবে বেলা ২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত। জাদুঘরের সাপ্তাহিক বন্ধের দিন বুধবার পার্কিং বন্ধ থাকবে। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ইয়েস পার্কিং অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করলেই সেবাটি ব্যবহার করা যাবে।

বি-ট্র্যাক সলিউশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ তানভীর সিদ্দিকী জানান, ইয়েস পার্কিং অ্যাপ দর্শনার্থীদের জন্য স্বাচ্ছন্দ্যের ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি আশপাশে ভ্রমণকারীদেরও পার্কিং সুবিধা দেবে।