অ্যান্ড্রয়েডে চলা ডেস্কটপ অপারেটিং সিস্টেম আনতে পারে গুগল
অ্যান্ড্রয়েডে চলা ডেস্কটপ অপারেটিং সিস্টেম আনতে পারে গুগল

গুগল কি সত্যিই অ্যান্ড্রয়েডে চলা ডেস্কটপ অপারেটিং সিস্টেম আনছে

প্রযুক্তিবিশ্বের প্রায় সব ক্ষেত্রেই অ্যান্ড্রয়েডের উপস্থিতি থাকলেও ব্যক্তিগত কম্পিউটারের ক্ষেত্রে এখনো শক্ত অবস্থান তৈরি করতে পারেনি গুগল। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অ্যান্ড্রয়েডের ব্যাপক জনপ্রিয়তা এবং প্রচলিত কম্পিউটিং–ব্যবস্থায় এর সীমিত উপস্থিতি গুগলকে নতুন কিছু ভাবতে বাধ্য করেছে। এ কারণে ক্রোমওএস এবং অ্যান্ড্রয়েডকে একীভূত করে ডেস্কটপ–নির্ভর নতুন অপারেটিং সিস্টেম তৈরির কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে অপারেটিং সিস্টেমটির নাম ‘অ্যালুমিনাম ওএস’ রাখা হয়েছে।

প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড অথরিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ডেস্কটপ–নির্ভর নতুন অপারেটিং সিস্টেম সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও গত বছরের সেপ্টেম্বরে কোয়ালকমের স্ন্যাপড্রাগন সামিটে একীভূত নতুন প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দিয়েছিল গুগল। সেসময় গুগল জানিয়েছিল, কোয়ালকমের সঙ্গে যৌথভাবে এমন একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে, যেখানে মোবাইল ও ডেস্কটপ কম্পিউটার একসঙ্গে কাজ করবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হবে এর মূল ভিত্তি।

অ্যান্ড্রয়েড অথরিটির তথ্যমতে, তাইওয়ানের তাইপে শহরে গুগলের একটি চাকরির বিজ্ঞাপনের সূত্র ধরে ‘অ্যালুমিনিয়াম ওএস’ নাম সম্পর্ক ধারণা পাওয়া গেছে। বিজ্ঞাপনে ‘অ্যালুমিনিয়াম’ নামের অ্যান্ড্রয়েডভিত্তিক নতুন অপারেটিং সিস্টেমের কথা উল্লেখ করা হয়েছিল। চাকরির বিবরণে বলা হয়েছিল, এই প্ল্যাটফর্মে ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটারসহ বিভিন্ন ধরনের কম্পিউটার নিয়ে কাজ করতে হবে। যদিও অল্প কিছুদিনের মধ্যেই বিজ্ঞাপনটি মুছে ফেলে গুগল।

সেপ্টেম্বরের ঘোষণার পর থেকে বিভিন্ন সময়ে গুগলের ডেস্কটপ অপারেটিং সিস্টেম সম্পর্কে অনলাইনে বিভিন্ন তথ্য ফাঁস করেছেন অনেকে। বিশ্লেষকদের মতে, গত সপ্তাহে অনুষ্ঠিত ‘দ্য অ্যান্ড্রয়েড শো’তে গুগল পরোক্ষভাবে অ্যালুমিনাম ওএস তৈরির ইঙ্গিত দিয়েছে। নতুন অপারেটিং সিস্টেমটি প্রথমে ‘গুগলবুক’ ল্যাপটপে যুক্ত করা হতে পারে। ১৯ মে অনুষ্ঠেয় গুগল আই/ও সম্মেলনে অ্যালুমিনাম ওএস সম্পর্কে ঘোষণা দিতে পারে গুগল।
সূত্র: ম্যাশেবল