
টিকটক সম্প্রতি ২০২৫ সালের প্রথম প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট প্রতিবেদন প্রকাশ করেছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের তথ্য এখানে তুলে ধরা হয়েছে। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে মোট ১ কোটি ১০ লাখ ৬ হাজার ৯৬০টি ভিডিও সরানো হয়েছে। বাংলাদেশে সক্রিয়ভাবে ভিডিও অপসারণের হার ৯৯ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে ৯৭ দশমিক ৭ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরানো হয়েছে। টিকটক আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিশ্বজুড়ে এবার টিকটক মোট ২১ কোটি ১০ লাখ ভিডিও সরিয়েছে, যা মাধ্যমটিতে প্রকাশিত মোট আধেয় বা কনটেন্টের প্রায় শূন্য দশমিক ৯ শতাংশ। এর মধ্যে ১৮ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার ৯৮৭টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত ও অপসারণ করা হয়েছে। অন্যদিকে, যাচাই করার পর ৭৫ লাখ ২৫ হাজার ১৮৪টি ভিডিও আবার প্ল্যাটফর্মে রাখা হয়েছে। এ ছাড়া ৯৯ শতাংশ ভিডিও আগে থেকেই চিহ্নিত করে সরানো হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যেই ৯৪ দশমিক ৩ শতাংশ ভিডিও সরিয়ে ফেলা হয়েছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, এর মধ্যে সংবেদনশীল বিষয়বস্তু থাকার কারণে ৩০ দশমিক ১ শতাংশ ভিডিও সরিয়ে ফেলা হয়। এ ছাড়া ১১ দশমিক ৫ শতাংশ নিরাপত্তার নীতিমালা লঙ্ঘনের কারণে এবং ১৫ দশমিক ৬ শতাংশ গোপনীয়তা ও সুরক্ষা নির্দেশনাভঙ্গের কারণে সরানো হয়েছে। ৪৫ দশমিক ৫ শতাংশ ভিডিওকে ভুল তথ্য এবং ১৩ দশমিক ৮ শতাংশ ভিডিওকে সম্পাদিত বা এআই দিয়ে নির্মিত কনটেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে।
টিকটক নিয়মিত এই কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট প্রতিবেদন প্রকাশ করে আসছে যেখানে টিকটকের কনটেন্ট ও অ্যাকাউন্ট ব্যবস্থাপনার স্বচ্ছতাসম্পর্কিত তথ্য থাকে।