নীল টিকের পরিধি বাড়াচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রাম
নীল টিকের পরিধি বাড়াচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রাম

অর্থের বিনিময়ে নীল টিকের পরিধি বাড়াচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রাম

ধীরে ধীরে অর্থের বিনিময়ে নীল টিকের পরিধি বাড়াচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চালু হলেও এবার যুক্তরাজ্যে বসবাসকারীরা অর্থের বিনিময়ে নিজেদের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নীল টিক যুক্ত করতে পারবেন। পর্যায়ক্রমে অন্যান্য দেশেও এ সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা।

বিজ্ঞাপনী আয় কমে যাওয়ায় খুদে ব্লগ লেখার সাইট টুইটারের আদলে ‘মেটা ভেরিফায়েড’ নামের এ উদ্যোগ চালু করেছে মেটা। নতুন এ সুবিধা চালুর ফলে প্রতি মাসে নির্দিষ্ট অর্থ প্রদান করে ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলে নীল টিক ব্যাজ যুক্ত করা যাবে। শুধু তা–ই নয়, অ্যাকাউন্টের বাড়তি সুরক্ষাও মিলবে। যুক্তরাজ্যের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা মাসে ১০ পাউন্ডের বিনিময়ে নীল টিক সুবিধা ব্যবহার করতে পারবেন।

মেটা ভেরিফায়েড সুবিধার আওতায় কমপক্ষে ১৮ বছর বয়সী ব্যক্তিরা নিজেদের সরকারি পরিচয়পত্রের তথ্য যুক্ত করে নিজেদের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নীল টিক যুক্ত করার জন্য আবেদন করতে পারবেন। আবেদন পাওয়ার পর তথ্য যাচাই করে নির্বাচিত ব্যক্তিদের বার্তা পাঠাবে মেটা। এরপর নির্দিষ্ট অর্থ পরিশোধ করলেই তাঁদের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নীল টিক যুক্ত হয়ে যাবে।
সূত্র: বিবিসি