ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার তৈরি হরাইজন ওয়ার্ল্ডস নামের ভার্চ্যুয়াল সামাজিক প্ল্যাটফর্ম শুধু ১৮ বছরের বেশি বয়সীরা ব্যবহার করতে পারেন। নিজের ইচ্ছেমতো মেটাভার্স (ভার্চ্যুয়াল বিশ্ব) তৈরির সুযোগ থাকায় এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) প্রযুক্তির প্ল্যাটফর্মটি। এবার হরাইজন ওয়ার্ল্ডসের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেটা। নতুন এ পরিকল্পনার আওতায় ১৩ থেকে ১৭ বছরের কিশোর-কিশোরীরাও হরাইজন ওয়ার্ল্ডস ব্যবহার করতে পারবে।
মেটার তথ্যমতে, হরাইজন ওয়ার্ল্ডস ব্যবহারের সুযোগ পেলেও কিশোর-কিশোরীদের নিরাপত্তায় তাদের প্রোফাইল স্বয়ংক্রিয়ভাবে গোপন রাখা হবে। ফলে বন্ধু ছাড়া হরাইজন ওয়ার্ল্ডসের অন্য ব্যবহারকারী কিশোর-কিশোরীদের প্রোফাইল দেখতে পারবে না। এমনকি সম্মতি ছাড়া তাদের অনলাইন স্ট্যাটাসও প্রদর্শন করা হবে না।
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসকারী কিশোর-কিশোরীরা হরাইজন ওয়ার্ল্ডস ব্যবহারের সুযোগ পাবে। নতুন এ সুবিধা চালু হলে হরাইজন ওয়ার্ল্ডস ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে হরাইজন ওয়ার্ল্ডস চালু করা হয়। প্ল্যাটফর্মটি বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেনে ব্যবহার করা যায়। সম্প্রতি হরাইজন ওয়ার্ল্ডসের জন্য ভয়েস চ্যাট ও অবতারের অবস্থান নিয়ন্ত্রণে বেশ কিছু নিরাপত্তা সুবিধা চালু করেছে মেটা।
সূত্র: দ্য ভার্জ