গোপনে তথ্য সংগ্রহ করছে শতাধিক ক্রোম ব্রাউজার এক্সটেনশন
গোপনে তথ্য সংগ্রহ করছে শতাধিক  ক্রোম ব্রাউজার এক্সটেনশন

গোপনে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করছে ক্রোম ব্রাউজারের ১০৮ এক্সটেনশন

ক্রোম ব্রাউজারে বাড়তি সুবিধা পেতে অনেকেই এক বা একাধিক ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করেন। ব্যবহারকারীদের এই আগ্রহ কাজে লাগিয়ে ক্রোম ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে গোপনে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের পাশাপাশি ভুয়া প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রদর্শন করছে একদল সাইবার অপরাধী। এরই মধ্যে এ ধরনের ১০৮টি ব্রাউজার এক্সটেনশন শনাক্ত করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সকেট।

এক প্রতিবেদনে সকেট জানিয়েছে, ব্রাউজার এক্সটেনশনগুলো মোটেই নিরীহ নয়। এ বছরের শুরুতে বেশ কয়েকটি জনপ্রিয় ক্রোম ব্রাউজার এক্সটেনশনকে ‘অনিরাপদ’ হওয়ার অভিযোগে মুছে ফেলা হয়েছে। এরপরও শতাধিক ব্রাউজার এক্সটেনশন গোপনে ব্যবহারকারীদের তথ্য চুরি করার পাশাপাশি ভুয়া বিজ্ঞাপন প্রদর্শন করছে। ক্ষতিকর এসব এক্সটেনশন প্রায় ২০ হাজারবার ডাউনলোড করা হয়েছে।

সকেটের তথ্য অনুযায়ী, ক্ষতিকর এক্সটেনশনগুলোকে বাহ্যিকভাবে বিনোদনমূলক কাজে ব্যবহারের উপযোগী বলে মনে হয়। এক্সটেনশনগুলো বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করলেও সেগুলো একই কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সার্ভারের সঙ্গে যোগাযোগ করে থাকে। আর তাই ক্ষতিকর এক্সটেনশনগুলো দ্রুত মুছে ফেলতে হবে।

ক্ষতিকর এক্সটেনশনগুলোর মধ্যে সবচেয়ে বেশিবার ডাউনলোড হওয়া এক্সটেনশনগুলো হলো— টেলিসাইড, ইউটিউব সাইডবার, সাইডইউ, ফর্মুলা রাশ রেসিং গেম, পেজ অটো রিফ্রেশ, পেজ লকার, টেক্সট অনুবাদ, টেলিগ্রাম মাল্টি-অ্যাকাউন্ট, ব্ল্যাক বিয়ার্ড স্লট মেশিন, ক্লিয়ার ক্যাশ প্লাস, স্পিড টেস্ট, ওয়াইফাই স্পিডটেস্ট ইত্যাদি।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ