
আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। অ্যান্ড্রয়েডের পর আইফোনেও ‘কমপেনিয়ন মোড’–সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালু হলে সর্বোচ্চ তিনটি আইফোনকে সেকেন্ডারি ফোন হিসেবে যুক্ত করা যাবে। এর ফলে আলাদাভাবে চারটি আইফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ মিলবে।
হোয়াটসঅ্যাপের তথ্যমতে, কমপেনিয়ন মোড–সুবিধা চালু করলে প্রাইমারি আইফোনে থাকা সব তথ্য নিয়মিত অনলাইনে জমা হবে। এর ফলে প্রাইমারি আইফোনে ইন্টারনেট–সংযোগ না থাকলেও অ্যাকাউন্টের লিংকযুক্ত একাধিক আইফোনে হোয়াটসঅ্যাপের সব তথ্য দেখা যাবে। আর তাই একাধিক আইফোন ব্যবহারকারীরা সহজেই অন্য আইফোনে নিজেদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।
একাধিক আইফোনে একই অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ দিতে নিজেদের আইওএস অ্যাপের ২৩.১০.৭৬ সংস্করণ আনছে হোয়াটসঅ্যাপ। কমপেনিয়ন মোড–সুবিধা চালুর জন্য নির্বাচিত সব কটি আইফোনে বাধ্যতামূলকভাবে সংস্করণটি ব্যবহার করতে হবে। শিগগিরই সংস্করণটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।
সম্প্রতি পাঠানো বার্তা সম্পাদনা করার সুবিধা চালুর ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। এডিট নামের এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলেই বার্তা পাঠানোর ১৫ মিনিটের মধ্যে বানান পরিবর্তনসহ বিভিন্ন তথ্য যুক্ত করতে পারবেন।
সূত্র: গ্যাজেটস ৩৬০