
ক্রোম ব্রাউজারে বাড়তি সুবিধা পেতে অনেকেই এক বা একাধিক এক্সটেনশন ব্যবহার করেন। ব্যবহারকারীদের এই আগ্রহ কাজে লাগিয়ে ভুয়া ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে ব্যবহারকারীদের আর্থিক লেনদেনের তথ্যসহ ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংগ্রহ করছে হ্যাকাররা। সংগ্রহ করা তথ্যগুলো বিক্রি করার পাশাপাশি গোপনে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি করছে তারা।
তথ্য চুরি করতে সক্ষম ৩৪টি ক্ষতিকর ক্রোম ব্রাউজার এক্সটেনশনের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব। প্রতিষ্ঠানটির দাবি, কোনো ওয়েবসাইটে প্রবেশ করলেই সেই ওয়েবসাইটের সব তথ্য সংগ্রহ করতে থাকে এক্সটেনশনগুলো। ফলে ব্যবহারকারীরা যে ওয়েবসাইটেই প্রবেশ করুক না কেন, সেগুলো নজরদারি করার পাশাপাশি তথ্য সংগ্রহ করতে পারে হ্যাকাররা। আর তাই নিরাপদ থাকার জন্য দ্রুত ব্রাউজারে থাকা এক্সটেনশনগুলো মুছে ফেলতে হবে।
এক্সটেনশনগুলো হলো অটোস্কিপ ফর ইউটিউব, সাউন্ডবুস্ট, ক্রিস্টাল অ্যাডব্লকার, ব্রিস্ক ভিপিএন, ক্লিপবোর্ড হেলপার, ম্যাক্সি রিফ্রেশার, কুইক ট্র্যান্সলেশন, ইজিভিউ রিডার ভিউ, পিডিএফ টুলবক্স, ইপসিলন অ্যাড ব্লকার, ক্যাফ্ট কার্সর, আলফাব্লকার অ্যাড ব্লকার, জুম প্লাস, বেজ ইমেজ ডাউনলোডার, ক্লিকিশ ফান কার্সরস, কার্সর-এ কাস্টম কার্সর, অ্যামাজিং ডার্ক মোড, ম্যাক্সিমাম কালার চেঞ্জার ফর ইউটিউব, অ্যাওয়াসাম অটো রিফ্রেশ, ভেনাস অ্যাডব্লক, অ্যাডব্লক ড্রাগন, রিড রিডার মোড, ভলিউম ফ্রেঞ্জি, ইমেজ ডাউনলোড সেন্টার, ফন্ট কাস্টোমাইজার, ইজি আনডু ক্লোজড ট্যাবস, স্ক্রিনস স্ক্রিন রেকর্ডার, ওয়ানক্লিনার, রিপিট বাটন, লিপ ভিডিও ডাউনলোডার, ট্যাপ ইমেজ ডাউনলোডার, কিউস্পিড ভিডিও স্পিড কনট্রোলার, হাইপার ভলিউম এবং লাইট পিকচার-ইন-পিকচার।
ক্যাসপারস্কির সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, অনলাইনে নিরাপদ থাকতে হলে প্রয়োজন না হলে একসঙ্গে একাধিক ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি অনলাইন থেকে নামানোর আগে ব্রাউজার এক্সটেনশনের বিষয়ে অন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতা বা মতামত জানতে হবে।
সূত্র: দ্য সান