অ্যান্ড্রয়েড ফোনে ‘ট্যাপ টু শেয়ার’ সুবিধা চালু হয়েছে
অ্যান্ড্রয়েড ফোনে ‘ট্যাপ টু শেয়ার’ সুবিধা চালু হয়েছে

অ্যান্ড্রয়েড ফোনে এয়ারড্রপের মতো ‘ট্যাপ টু শেয়ার’ আনল গুগল

অ্যান্ড্রয়েড ফোনে আরও সহজে তথ্য আদান-প্রদানের জন্য ‘ট্যাপ টু শেয়ার’ সুবিধা চালু করেছে গুগল। কুইক শেয়ারের এই নতুন সুবিধার মাধ্যমে দুটি অ্যান্ড্রয়েড ফোন পাশাপাশি এনে যোগাযোগের তথ্য, ছবি, ভিডিও, ওয়েবসাইটের লিংক, অবস্থানের তথ্যসহ বিভিন্ন কনটেন্ট আদান-প্রদান করা যাবে। সুবিধাটি অনেকটাই অ্যাপলের এয়ারড্রপের মতো। শুরুতে গুগলের পিক্সেল ফোনে এই সুবিধা চালু করা হচ্ছে।

ট্যাপ টু শেয়ার মূলত কুইক শেয়ারের একটি নতুন সুবিধা। এর মাধ্যমে কনটেন্ট আদান-প্রদানের জন্য প্রতিবার আলাদাভাবে কুইক শেয়ার নির্বাচন করতে হবে না। অ্যান্ড্রয়েড–বিষয়ক রেডিট কমিউনিটির ব্যবস্থাপক মিশাল রহমান জানিয়েছেন, ফোনের হোম স্ক্রিনে থাকা অবস্থায়ও দুটি ফোনে ট্যাপ করে তথ্য আদান-প্রদান করা যাবে। এমনকি অ্যান্ড্রয়েডের শেয়ার মেনু ওপেন থাকলেও আগে কুইক শেয়ার নির্বাচন না করেই ট্যাপ টু শেয়ার ব্যবহার করা সম্ভব হবে। তবে ট্যাপ টু শেয়ার ব্যবহারের জন্য দুটি ফোনেই এনএফসি চালু থাকতে হবে। পাশাপাশি ফোনের কোন অংশে এনএফসি অ্যানটেনা রয়েছে, সেটিও জানা প্রয়োজন। কারণ, তথ্য আদান-প্রদানের সময় দুটি ফোনের এনএফসি অ্যানটেনা কাছাকাছি আনতে হবে।

গুগলের নতুন পিক্সেল ১১ ফোনে এনএফসি অ্যানটেনা রাখা হয়েছে ফোনের ওপরের অংশে। ট্যাপ টু শেয়ার ও মোবাইল পেমেন্টের মতো সুবিধা সহজে ব্যবহারের কথা মাথায় রেখেই ফোনটির নকশায় এই পরিবর্তন আনা হয়েছে। ফোনের এনএফসি অ্যানটেনা কোথায় রয়েছে, তা জানা না থাকলে দুটি ফোনের পর্দা একে অপরের ওপর রেখে চেষ্টা করা যেতে পারে। ফোন দুটি পেছনের দিক দিয়েও পাশাপাশি এনে সংযোগ স্থাপনের চেষ্টা করা যাবে। তবে মোটা কভার ব্যবহার করলে এনএফসি সংযোগে সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে ফোনের কভার খুলে নেওয়ার প্রয়োজন হতে পারে।

অ্যান্ড্রয়েড ১৭ বা পরবর্তী সংস্করণে চলা পিক্সেল ৬ ও পরবর্তী মডেলের ফোনে ট্যাপ টু শেয়ার সুবিধা চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে সব ফোনে সুবিধাটি পৌঁছে দেওয়া হবে। গুগল জানিয়েছে, শিগগিরই স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আলট্রা, ফোল্ড ৮ ও ফ্লিপ ৮ ফোনেও ট্যাপ টু শেয়ার চালু করা হবে। বছরের শেষ নাগাদ অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনেও সুবিধাটি চালু করার পরিকল্পনা রয়েছে গুগলের।

সূত্র: অ্যান্ড্রয়েডপুলিশ