মার্ক জাকারবার্গ
মার্ক জাকারবার্গ

তিন বছর পর থ্রেডসের প্রতিদ্বন্দ্বী এক্স ব্যবহারের কারণ জানালেন মার্ক জাকারবার্গ

২০২৩ সালে খুদে ব্লগ লেখার প্ল্যাটফর্ম এক্সের (সাবেক টুইটার) বিকল্প ‘থ্রেডস’ চালু করে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। থ্রেডস চালুর পর থেকেই ইলন মাস্কের মালিকানাধীন এক্সে কোনো পোস্ট করেননি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। তবে তিন বছরের বিরতি শেষে সম্প্রতি আবার নিয়মিত এক্স ব্যবহার শুরু করেছেন তিনি। নিজের মালিকানাধীন থ্রেডস প্ল্যাটফর্মের প্রতিদ্বন্দ্বী এক্সে মার্ক জাকারবার্গের নিয়মিত পোস্ট করার বিষয়টি নিয়ে প্রযুক্তিবিশ্বে বেশ কৌতূহল তৈরি হয়েছে।

সম্প্রতি একটি পডকাস্টে জাকারবার্গকে প্রশ্ন করা হয়, মেটার নিজস্ব খুদে ব্লগ লেখার প্ল্যাটফর্ম থ্রেডস থাকার পরও কেন তিনি প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম এক্সে নিয়মিত পোস্ট করছেন। প্রশ্নের উত্তরে জাকারবার্গ জানান, অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের ব্যবহারকারী ও কমিউনিটির উপস্থিতি রয়েছে। মেশিন লার্নিং ও এআই গবেষণার সঙ্গে যুক্ত অনেকেই এখনো এক্সে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় করেন। ফলে এসব মানুষের সঙ্গে যোগাযোগের জন্য এক্সে সক্রিয় উপস্থিতি থাকা প্রয়োজন।

জাকারবার্গ জানিয়েছেন, বর্তমানে বিভিন্ন মাধ্যমে আধেয় বা কনটেন্ট প্রকাশের ধরন অনেকটা পডকাস্টের মতো। আর তাই বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর জন্য থ্রেডস ও এক্স দুই প্ল্যাটফর্মেই তিনি একই ধরনের তথ্য প্রকাশ করেন। এ বিষয়ে জাকারবার্গ বলেন, ‘আমি থ্রেডসে আছি। অবশ্যই, থ্রেডস ভালো করছে। তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কমিউনিটি রয়েছে। অনেক এআই–সংশ্লিষ্ট মানুষ এক্সে আছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অন্যতম উদ্দেশ্য হলো মানুষ যে জায়গায় আছে, সেখানে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা।’

জাকারবার্গ আরও বলেন, ‘আমি যখন থ্রেডসে কোনো বিষয় প্রকাশ করি, তখন এক্সেও সেটি নিয়ে যুক্ত হই। আমার মনে হয়, এভাবে সব দিকই ঠিকঠাক থাকে। তবে আমাদের কমিউনিটির একটি অংশ এখনো এক্সে রয়েছে। তাই মানুষ যে জায়গায় আছে, সেখানে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে চাই।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া