স্যামসাংয়ের নতুন রেফ্রিজারেটর বাজারজাত করার অনুষ্ঠান। আজ গুলশানে
স্যামসাংয়ের নতুন রেফ্রিজারেটর বাজারজাত করার অনুষ্ঠান। আজ গুলশানে

বাজারে এল স্যামসাংয়ের নতুন এআই রেফ্রিজারেটর

দেশের বাজারে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুবিধাসম্পন্ন ফ্রেঞ্চ-ডোর রেফ্রিজারেটর আরএফ৫৯ নিয়ে এল স্যামসাং। আজ সোমবার রাজধানীর গুলশান-২-এর র‍্যাংগস ই-মার্ট শোরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে অত্যাধুনিক এই প্রযুক্তিপণ্য বাজারে ছাড়া হয়। স্যামসাংয়ের জনপ্রিয় বিস্পোক সিরিজের এই রেফ্রিজারেটর আধুনিক অন্দরসজ্জা ও স্মার্ট লিভিংয়ের এক অনন্য সংমিশ্রণ। অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, বর্তমানে গ্রাহকেরা কেবল গুণগত মান নয়, বরং আধুনিক সুবিধা এবং বিদ্যুৎ সাশ্রয়ের দিকেও বিশেষ নজর দিচ্ছেন। আরএফ৫৯ রেফ্রিজারেটরটি গ্রাহকদের সেই চাহিদার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।

যা থাকছে এই রেফ্রিজারেটরে

এই ফ্রিজের প্রধান আকর্ষণ এর কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন শক্তি সঞ্চয় প্রযুক্তি। এটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর ফ্রিজ ব্যবহারের ধরন বিশ্লেষণ করে এবং সে অনুযায়ী বিদ্যুৎ খরচ কমিয়ে আনে। ব্যবহারকারী চাইলে ঘর থেকে দূরে থাকলেও মুঠোফোন অ্যাপের মাধ্যমে ফ্রিজটি নিয়ন্ত্রণ করতে পারবেন। ফ্রিজের দরজা ভুল করে খোলা থাকলে বা তাপমাত্রা পরিবর্তিত হলে তাৎক্ষণিক সতর্কবার্তা চলে যাবে ফোনে। বাইরে থেকে দেখতে ছিমছাম মনে হলেও এটির ভেতরে রয়েছে ৬৪৯ লিটারের বিশাল জায়গা। স্যামসাংয়ের বিশেষ প্রযুক্তির কারণে ফ্রিজের দেয়ালগুলো পাতলা অথচ শক্তিশালী, ফলে রেফ্রিজারেটরের ভেতরটি প্রশস্ত হলেও এটি রান্নাঘরের বাড়তি জায়গা দখল করে না। অন্যান্য সাধারণ ফ্রিজের চেয়ে এটি প্রায় ৩৯ মিনিট দ্রুত ঠান্ডা করতে সক্ষম। এর পাওয়ার কুল ও পাওয়ার ফ্রিজ ফিচার তাৎক্ষণিক বরফ বা পানীয় ঠান্ডা করতে দারুণ কার্যকর।

র‍্যাংগস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর সর্দার মো. খালেদ বিন হাসান জানান, গ্রাহককেন্দ্রিক সেবা নিশ্চিত করতে তাঁরা এই আধুনিক পণ্যের সঙ্গে আকর্ষণীয় অফার ও সহজ কিস্তিসুবিধা দিচ্ছেন। যাতে সাধারণ মানুষ সহজেই এই উচ্চ প্রযুক্তির সুফল ভোগ করতে পারেন। রেফ্রিজারেটরটির বাজারমূল্য ধরা হয়েছে ৩ লাখ ৯ হাজার টাকা।