
দেশের বাজারে শক্তিশালী প্রসেসরে চলা নতুন মডেলের স্মার্টফোন এনেছে অনার। এক্স৬ডি ফাইভ–জি মডেলের ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর থাকায় দ্রুতগতিতে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি একসঙ্গে একাধিক কাজ করা যায়। ৫ হাজার ২৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটিতে চার বছরের অ্যান্টি-এজিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ফলে ব্যাটারির কার্যকারিতা দীর্ঘদিন ভালো থাকে। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অনার বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ম্যাজিক ওএস ১০ অপারেটিং সিস্টেমে চলা ফাইভ–জি প্রযুক্তিনির্ভর ফোনটিতে ৪ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। শক্তিশালী প্রসেসরের পাশাপাশি দ্রুতগতির র্যাম থাকায় সহজেই বিভিন্ন কাজ করার পাশাপাশি ভিডিও দেখা যায়।
দুটি রঙে বাজারে আসা ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির দাম ধরা হয়েছে ১৯ হাজার ৯৯৯ টাকা।
নতুন মডেলের ফোনটির বিষয়ে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, ‘এই ফোনের মাধ্যমে দেশের সাধারণ মানুষের কাছে ফাইভ–জি প্রযুক্তি আরও সহজলভ্য করতে চাই আমরা। দীর্ঘ সময় নির্বিঘ্নে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিতে ফোনটিতে দীর্ঘস্থায়ী ব্যাটারি যুক্ত করা হয়েছে।’