টেকনো পোভা কার্ভ ২ ফাইভজি
টেকনো পোভা কার্ভ ২ ফাইভজি

শক্তিশালী ব্যাটারির এই স্মার্টফোন একবার চার্জে টানা তিন দিন চলে

দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন মডেলের স্মার্টফোন এনেছে টেকনো। ‘টেকনো পোভা কার্ভ ২ ফাইভজি’ মডেলের ফোনটিতে আট হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকায় একবার পূর্ণ চার্জ করলে টানা তিন দিন ব্যবহার করা যায়। শুধু তা-ই নয়, ৪৫ ওয়াটের সুপার চার্জিং প্রযুক্তি থাকায় দ্রুত চার্জও করা যায় ফোনটি। ফলে ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ দশমিক ৭৮ ইঞ্চির অ্যামোলেড পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হওয়ায় সহজেই উন্নত রেজল্যুশনের ছবি ও ভিডিও দেখা যায়। কর্নিং গরিলা গ্লাস সেভেন আই প্রটেকশন সুবিধার ফোনটিতে ড্রপ রেজিস্ট্যান্সসহ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স–সুবিধা রয়েছে। ফলে ফোনটি হাত থেকে পড়ে গেলে ভাঙে না বা পানিতে নষ্ট হয় না, এমনকি ধুলাও জমে না।

মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসরে চলা ফোনটিতে ৮ গিগাবাইট র‍্যাম এবং ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। শক্তিশালী প্রসেসরের পাশাপাশি দ্রুতগতির র‍্যাম থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। ফোনটিতে এআই নয়েজ ক্যান্সেলেশন সুবিধাও রয়েছে। ফলে ভিড়ের মধ্যেও স্বচ্ছন্দে কথা বলা সম্ভব।

ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। উন্নত মানের ক্যামেরার পাশাপাশি ফোনটিতে এআই ফটো অ্যাসিস্ট্যান্ট সুবিধা থাকায় সহজেই ভালো মানের ছবি তোলা যায়। ফোনটির দাম ধরা হয়েছে ৩৬ হাজার ৯৯৯ টাকা।