
দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং শক্তিশালী প্রসেসরযুক্ত হালকা–পাতলা গড়নের নতুন দুটি মডেলের ল্যাপটপ দেশের বাজারে উন্মোচন করেছে আসুস। ‘এক্সপার্টবুক আলট্রা ৫’ ও ‘এক্সপার্টবুক আলট্রা ৭’ মডেলের ল্যাপটপ দুটিতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) বিভিন্ন সুবিধা থাকায় দ্রুত বিভিন্ন কাজ করা যায়। আজ বুধবার রাজধানীর উত্তরায় ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত পণ্য উন্মোচন অনুষ্ঠানে নতুন ল্যাপটপ দুটির বিভিন্ন দিক তুলে ধরেন আসুসের জ্যৈষ্ঠ কর্মকর্তারা।
অনুষ্ঠানে আসুসের ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া প্যাসিফিক কমার্শিয়াল বিজনেসের মহাব্যবস্থাপক রেক্স লি বলেন, ‘সত্যিকারের ফ্ল্যাগশিপ বিজনেস ল্যাপটপ কেমন হওয়া উচিত, এক্সপার্টবুক আলট্রা ল্যাপটপ সেটির উদাহরণ। বর্তমানে পেশাজীবীরা একই যন্ত্রের মধ্যে কর্মক্ষমতা, সহজ বহনযোগ্যতা, সুন্দর নকশা ও নিরাপত্তাসুবিধা চায়। এক্সপার্টবুক আলট্রার মাধ্যমে আমরা এই সমন্বিত অভিজ্ঞতা বাংলাদেশে নিয়ে এসেছি।’
অনুষ্ঠানে জানানো হয়, এক্সপার্টবুক আলট্রার নকশা করা হয়েছে প্রিমিয়াম বাণিজ্যিক জেটের ডানা থেকে। হালকা–পাতলা গড়নের পাশাপাশি ল্যাপটপটির নকশায় দৃঢ়তার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে। এটি মুন গ্রে ও জেট ফগ—দুটি রঙে পাওয়া যাবে। এক্সপার্টবুক আলট্রার ওজন এক কেজির কম এবং পুরুত্ব ১০ দশমিক ৯ মিলিমিটার। ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আলট্রা এক্স৯ প্রসেসর ও ইন্টেল আর্ক বি৩৯০ গ্রাফিকস। ল্যাপটপটির পর্দার রিফ্রেশ রেট ৩০ থেকে ১২০ হার্টজ।
একবার পূর্ণ চার্জে এক্সপার্টবুক আলট্রা সর্বোচ্চ ২৬ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। শুধু তা নয়, দ্রুত চার্জিং সুবিধা থাকায় মাত্র ৩০ মিনিটে ল্যাপটপটির ব্যাটারি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা যায়।
ল্যাপটপটির স্থায়িত্বের বিভিন্ন দিকও অনুষ্ঠানে তুলে ধরা হয়। আয়োজকেরা জানান, এক্সপার্টবুক আলট্রা ১০০ কেজি পর্যন্ত ওজন সহ্য করতে সক্ষম। এ ছাড়া ১২০ সেন্টিমিটার উচ্চতা থেকে পড়ে গেলে বা কি-বোর্ড ও মাউসপ্যাডে পানি পড়লেও ল্যাপটপটির কোনো ক্ষতি হয় না।
বাংলাদেশের বাজারে এক্সপার্টবুক আলট্রা সিরিজের দুটি মডেল আনা হয়েছে। এর মধ্যে এক্সপার্টবুক আলট্রা ৫-এর দাম ধরা হয়েছে ২ লাখ ২০ হাজার টাকা এবং এক্সপার্টবুক আলট্রা ৭-এর দাম ধরা হয়েছে ৩ লাখ ২০ হাজার টাকা।