গেস্ট চ্যাট নামের নতুন সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ
গেস্ট চ্যাট নামের নতুন সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিদেরও পাঠানো যাবে বার্তা

ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে নিয়মিত হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদান করেন অনেকেই। কিন্তু হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিদের সঙ্গে চাইলেও বার্তা আদান-প্রদান করা যায় না। এ সমস্যা সমাধানে ‘গেস্ট চ্যাট’ নামের নতুন সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। সুবিধাটি চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহার না করা ব্যক্তিদেরও বার্তা পাঠানো যাবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউ আ বেটা ইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘গেস্ট চ্যাটস’ নামের সুবিধাটি বর্তমানে অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েবের বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর পরখ করা হচ্ছে।

গেস্ট চ্যাটস–সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা একটি নিরাপদ ইনভাইট লিংক তৈরি করতে পারবেন। সেই লিংকের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই—এমন ব্যক্তিরাও কোনো অ্যাপ ইনস্টল না করেই ওয়েব ব্রাউজারের মাধ্যমে সরাসরি চ্যাটে যুক্ত হতে পারবেন। ইনভাইট লিংকটি বার্তা, ই–মেইল বা অন্য কোনো বার্তা বিনিময় প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠানো যাবে। লিংকটি খুললে প্রাপক দুটি বিকল্প দেখতে পাবেন। হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা অথবা গেস্ট হিসেবে কথোপকথনে যোগ দেওয়ার অপশন দেখা যাবে। গেস্ট হিসেবে যোগ দেওয়ার বিকল্পটি বেছে নিলে ডেস্কটপ বা মোবাইল ব্রাউজারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণেই চ্যাটটি খুলবে। চ্যাটে যুক্ত হওয়ার আগে গেস্টকে একটি নাম লিখতে হবে। এটি ছদ্মনামও হতে পারে। তবে বিভ্রান্তি এড়াতে পরিচিত বা সহজে শনাক্তযোগ্য নাম ব্যবহারের পরামর্শ দিয়েছে হোয়াটসঅ্যাপ।

কোনো গেস্ট চ্যাটে যুক্ত হলে প্ল্যাটফর্মটি একটি স্বতন্ত্র শনাক্তকারী তৈরি করবে, যা ওই কথোপকথনের এনক্রিপশন কি হিসেবে কাজ করবে। ফলে গেস্ট চ্যাটে আদান–প্রদান করা বার্তাও এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে। অর্থাৎ কথোপকথনে অংশ নেওয়া ব্যক্তিরা ছাড়া অন্য কেউ সেই বার্তা পড়তে পারবেন না। ব্যবহারকারীরা কিউআর কোড স্ক্যান করে বা নিরাপত্তা কোড মিলিয়ে এনক্রিপশন যাচাই করার সুযোগও পাবেন। তবে গেস্টদের পরিচয় আলাদাভাবে যাচাই করা হবে না। ফলে ইনভাইট লিংক অন্য কারও হাতে চলে গেলে বা প্রাপকের অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ ঘটলে অন্য কেউও ওই চ্যাটে যুক্ত হতে পারবেন না।

গেস্ট চ্যাটস মূলত স্বল্প সময় কথোপকথনের সুবিধা পাওয়া যাবে। তাই এতে গ্রুপ চ্যাট, ছবি ও ভিডিও, নথি, স্টিকার, জিআইএফ, ভয়েস বার্তা বা ভয়েস ও ভিডিও কলের মতো সুবিধা পাওয়া যাবে না। এ ছাড়া কোনো গেস্ট চ্যাটে ১০ দিন কোনো কার্যক্রম না থাকলে সেটি স্বয়ংক্রিয়ভাবে মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে। সে ক্ষেত্রে আবার যোগাযোগ করতে চাইলে নতুন করে ইনভাইট লিংক পাঠাতে হবে।

ইনভাইট লিংক পাঠানো ব্যক্তির কাছেই গেস্ট চ্যাটের কথোপকথনের নিয়ন্ত্রণ থাকবে। তিনি প্রয়োজনে সাধারণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করার মতো একই পদ্ধতিতে গেস্টকেও ব্লক করতে পারবেন। সুবিধাটি কবে নাগাদ সব ব্যবহারকারীর জন্য চালু করা হবে, তা জানায়নি হোয়াটসঅ্যাপ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া