ইনস্টাগ্রামের ‘রিড রিসিপ্টস’ সুবিধা বন্ধ করা যাবে
ইনস্টাগ্রামের ‘রিড রিসিপ্টস’ সুবিধা বন্ধ করা যাবে

ইনস্টাগ্রামে বার্তা পড়লেও প্রেরক জানবে না

ছবি ও ভিডিও আদান-প্রদানের জন্য ইনস্টাগ্রাম জনপ্রিয় হলেও অনেকেই এখন প্ল্যাটফর্মটির ডিরেক্ট মেসেজ (ডিএম) অপশন ব্যবহার করে সরাসরি বার্তা পাঠিয়ে থাকেন। প্রাপক বার্তা পড়লেই প্রেরকের কাছে ‘সিন’ চিহ্ন দেখায় ইনস্টাগ্রাম। ফলে প্রেরক বুঝতে পারেন, প্রাপক বার্তাটি পড়েছেন। কিন্তু অনেক সময় বন্ধু বা পরিচিতদের পাঠানো বার্তা পড়া হলেও ব্যস্ততার কারণে তাৎক্ষণিক উত্তর দেওয়া সম্ভব হয় না। ফলে তারা ভুল বোঝেন। এ সমস্যা সমাধানে ডিরেক্ট মেসেজ অপশনের ‘রিড রিসিপ্টস’ সুবিধা বন্ধের সুযোগ চালু করতে যাচ্ছে ইনস্টাগ্রাম। এর ফলে ব্যবহারকারীরা চাইলেই অন্যদের পাঠানো বার্তা গোপনে পড়তে পারবেন।

নতুন এই সুবিধা বর্তমানে পরীক্ষা করা হচ্ছে এবং শিগগিরই চালু করা হবে বলে নিজেদের ইনস্টাগ্রাম ব্রডকাস্ট চ্যানেলে জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ ও ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি। নতুন এই সুবিধার দুটি স্ক্রিনশটও প্রকাশ করেছেন অ্যাডাম মোসেরি। একটিতে দেখা গেছে, ইনস্টাগ্রামের প্রাইভেসি অ্যান্ড সেইফটি অপশনে ‘রিড রিসিপ্টস’ বন্ধের সুবিধা যুক্ত করা হয়েছে। অপর স্ক্রিনশটে দেখা গেছে, প্রাপক বার্তা পড়ার পরও প্রেরকের কাছে সিন লেখা দেখা যাচ্ছে না।

নতুন এ সুবিধা ইনস্টাগ্রামের ‘ভ্যানিশ মুড’ অপশনে কাজ করবে না বলে জানা গেছে। অর্থাৎ, শুধু ডিরেক্ট মেসেজ অপশনে ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময়ে এ সুবিধা চালু বা বন্ধও করতে পারবেন।

উল্লেখ্য, বর্তমানে অ্যাকাউন্ট রেসট্রিক্ট সুবিধা কাজে লাগিয়ে ইনস্টাগ্রামে গোপনে নির্দিষ্ট ব্যক্তির পাঠানো বার্তা পড়া যায়। তবে এ জন্য বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। নতুন এ সুবিধা চালু হলে যেকোনো সময় দ্রুত ‘রিড রিসিপ্টস’ সুবিধা চালু বা বন্ধ করা যাবে।

সূত্র: দ্য ভার্জ