
সেমিকন্ডাক্টর খাতের বিভিন্ন দিক নিয়ে দক্ষিণ কোরিয়ায় ‘বিএসআইএ সাউথ কোরিয়া রোড শো’ আয়োজন করছে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (বিএসআইএ)। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া তিন দিনের এ রোড শোতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সেমিকন্ডাক্টরশিল্প খাত, গবেষণাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বাণিজ্যিকীকরণ মাধ্যম ও সরকারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসআইএ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোড শোতে দক্ষিণ কোরিয়ার একাধিক সেমিকন্ডাক্টর প্যাকেজিং, এআই পণ্য নির্মাতা, ডিজাইন, টেস্টিং প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক, প্রযুক্তিগত আলোচনা, নেটওয়ার্কিং এবং অংশীদারত্বমূলক বিভিন্ন আলোচনা করবে বাংলাদেশে সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো।
বিএসআইএয়ের সভাপতি এম এ জব্বার বলেন, ‘এই রোড শো বাংলাদেশের উদীয়মান সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমকে বৈশ্বিক পর্যায়ে সংযুক্ত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা দক্ষিণ কোরিয়ার অসাধারণ সেমিকন্ডাক্টর যাত্রা থেকে শিক্ষা নিতে চাই এবং গবেষণা, মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তি বাণিজ্যিকীকরণ ও শিল্প সহযোগিতার মাধ্যমে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে চাই।’
এই রোডশোতে একটি চুক্তি সই হবে। এই চুক্তিতে সই করবে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (বিএসআইএ), সেন্টার অব রিসার্চ এক্সেলেন্স ইন সেমিকন্ডাক্টর টেকনোলজি (ক্রেস্ট), বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার কেএআইএসটি গ্লোবাল কমার্শিয়ালাইজেশন সেন্টার (জিসিসি)।