
উড়োজাহাজে ভ্রমণের সময়ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রের ব্লুটুথ ও ওয়াই–ফাই সংযোগ ব্যবহার করা যাবে। ব্যবহারকারীদের এ সুযোগ দিতে ‘কানেক্টেড ফ্লাইট মোড’ নামের নতুন সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। নতুন এ সুবিধা চালু হলে আকাশপথে ভ্রমণের সময় ফ্লাইট মোড চালু থাকলেও স্বচ্ছন্দে ওয়াই–ফাই ও ব্লুটুথ সুবিধা ব্যবহার করা যাবে, তবে ফোনকল বা বার্তা আদান-প্রদান করা যাবে না।
কানেক্টেড ফ্লাইট মোড সুবিধা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটার ও ল্যাপটপে ব্যবহার করা যাবে। ওয়াই–ফাই ও ব্লুটুথ ব্যবহারের সুযোগ দেওয়ার পাশাপাশি ব্যবহারকারীদের ফোনে স্বয়ংক্রিয়ভাবে ফ্লাইট মোড চালু বা বন্ধ করে দেবে কানেক্টেড ফ্লাইট মোডটি। ফলে উড়োজাহাজে ভ্রমণের সময় ফ্লাইট মোড চালু বা বন্ধ করার জন্য কষ্ট করতে হবে না।
গুগল জানিয়েছে, উড়োজাহাজে ব্যবহারকারীর অবস্থান শনাক্তের জন্য প্রেসার ড্রপ, আলট্রাসনিক সিগন্যাল, জিপিএস সিগন্যাল, সেলুলার আইডি ও ওয়াই–ফাই সিগন্যাল পর্যালোচনা করবে কানেক্টেড ফ্লাইট মোড। ফলে উড়োজাহাজে ভ্রমণের সময় স্বয়ংক্রিয়ভাবেই ব্যবহারকারীর ফোনে ফ্লাইট মোড চালু বা বন্ধ হয়ে যাবে। শুধু তা–ই নয়, ব্যাটারির চার্জ কম বা নেটওয়ার্কের সিগন্যাল দুর্বল থাকলে স্বয়ংক্রিয়ভাবে ফোন, ট্যাবলেট কম্পিউটার ও ল্যাপটপের সংযোগ বিচ্ছিন্ন করবে কানেক্টেড ফ্লাইট মোড।
উড়োজাহাজে ভ্রমণের সময় রেডিও-ফ্রিকোয়েন্সি সিগন্যাল ট্রান্সমিশন বন্ধ করতে স্মার্টফোন ও অন্যান্য যন্ত্রে ফ্লাইট মোড চালু করা হয়। এ মোড চালু থাকলে মোবাইল নেটওয়ার্ক, ওয়াই–ফাই ও ব্লুটুথ সুবিধা ব্যবহার করা যায় না। কানেক্টেড ফ্লাইট মোড সুবিধা এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি গুগল।
সূত্র: গ্যাজেটস নাউ