ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রাম

কিশোর-কিশোরীদের জন্য নতুন নিরাপত্তা সুবিধা চালু করছে ইনস্টাগ্রাম

সহজে ছবি ও ভিডিও বিনিময়ের সুযোগ থাকায় কিশোর-কিশোরীদের কাছে খুবই জনপ্রিয় ইনস্টাগ্রাম। এ জন্য ইনস্টাগ্রাম ব্যবহারকারী বৃদ্ধির তালিকায় বরাবরই প্রাধান্য থাকে কিশোর-কিশোরীদের। কিন্তু অভিভাবকদের নজর এড়িয়ে অনেক কিশোর-কিশোরীই প্রতিদিন রাতে দীর্ঘ সময় একটানা ইনস্টাগ্রাম ব্যবহার করে। ফলে সময় অপচয় হওয়ার পাশাপাশি চোখেরও ক্ষতি হয়। এ সমস্যা সমাধানে কিশোর-কিশোরীদের জন্য নতুন নিরাপত্তা সুবিধা চালু করতে যাচ্ছে ইনস্টাগ্রাম।

নতুন এ উদ্যোগের আওতায় রাতে দীর্ঘ সময় ইনস্টাগ্রামে রিলস বা ডিরেক্ট মেসেজ সুবিধা ব্যবহার করলেই কিশোর-কিশোরীদের কাছে বার্তা পাঠিয়ে বিরতি নেওয়ার কথা মনে করিয়ে দেবে ইনস্টাগ্রাম। প্রতি ১০ মিনিট পরপর এ বার্তা পাঠানো হবে। এর ফলে কোনো কিশোর-কিশোরী একটানা ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবে না।

ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খোলার সর্বনিম্ন বয়স ১৩ বছর। আর তাই ১৩ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারীদের জন্য সম্প্রতি নতুন নীতিমালা তৈরি করেছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। নতুন এ নীতিমালা অনুয়ায়ী, কিশোর-কিশোরীদের অনুপযোগী আধেয় (কনটেন্ট) ও বিভ্রান্তিকর তথ্য দেখানো হবে না। এর ফলে অনুসরণ করা অ্যাকাউন্ট থেকে অনুপযোগী পোস্ট করা হলেও সেগুলো দেখতে পারবে না কিশোর-কিশোরীরা।

সূত্র: ইন্ডিয়া টুডে