ভিডিও নির্মাতাদের পাশাপাশি অনেক প্রতিষ্ঠান পণ্যের প্রচারণাসহ বিভিন্ন বিষয়ে ইউটিউবে নিয়মিত লাইভ ভিডিও প্রচার করে। এসব ভিডিওতে লাইভ চ্যাট অপশনের মাধ্যমে প্রশ্ন করার পাশাপাশি নিজেদের মতামত জানান দর্শকেরা। তবে লাইভ ভিডিও চলাকালে ঘন ঘন বিজ্ঞাপন প্রচারের কারণে বিরক্ত হন অনেকেই। এ সমস্যা সমাধানে লাইভ ভিডিওতে বিজ্ঞাপন প্রদর্শন করার পদ্ধতিতে পরিবর্তন আনছে ইউটিউব।
ইউটিউব জানিয়েছে, দর্শক অভিজ্ঞতা উন্নত করতে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে লাইভ ভিডিওতে বিজ্ঞাপনের উপস্থিতি সাময়িকভাবে কমানো হবে। নতুন এই সিদ্ধান্তের আওতায়, লাইভ ভিডিও চলাকালে যেসব দর্শক সুপার চ্যাট, সুপার স্টিকার বা উপহার পাঠানোর মাধ্যমে আধেয় (কনটেন্ট) নির্মাতাকে আর্থিকভাবে সহায়তা করবেন তাঁদের জন্য স্বয়ংক্রিয়ভাবে একটি ‘অ্যাড-ফ্রি উইন্ডো’ চালু করা হবে। ফলে তাঁরা বিজ্ঞাপন ছাড়াই লাইভ ভিডিওটি দেখতে পারবেন।
ইউটিউবের তথ্য মতে, কোনো দর্শক আর্থিক সহায়তা পাঠানোর সঙ্গে সঙ্গেই বিজ্ঞাপনমুক্ত সময় চালু করা হবে। নতুন এই উদ্যোগের আওতায় গুরুত্বপূর্ণ যোগাযোগের মুহূর্তগুলো যেন বিজ্ঞাপনের কারণে ব্যাহত না হয়, সেটি নিশ্চিত করা হবে। যেসব নির্মাতার চ্যানেলে বিজ্ঞাপন চালু (অ্যাড এনাবলড) আছে, তাঁদের ক্ষেত্রে এই সুবিধা স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।
তবে এই বিজ্ঞাপনমুক্ত লাইভ ভিডিও দেখার সুযোগ সব দর্শকের জন্য প্রযোজ্য হবে না। নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে সীমিত পরিসরে এটি কার্যকর হবে। বিজ্ঞাপনমুক্ত সময় কতক্ষণ স্থায়ী হবে বা কতবার এ সুবিধা মিলবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইউটিউব কর্তৃপক্ষ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া