
বিশ্বজুড়ে আইফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন ধরনের আর্থিক প্রতারণার ঘটনা ছড়িয়ে পড়েছে। সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞরা জানিয়েছেন, ভুয়া ‘অ্যাপল পে জালিয়াতি সতর্কবার্তা’ পাঠিয়ে আইফোন ব্যবহারকারীদের বিভ্রান্ত করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে এক দল প্রতারক।
সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞদের তথ্যমতে, সম্প্রতি অনেকের আইফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে বলা হচ্ছে, তাদের অ্যাপল পে হিসেবে সন্দেহজনক লেনদেন হয়েছে অথবা কোনো অর্থ প্রদানের চেষ্টা ব্যর্থ হয়েছে। এসব বার্তায় দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়। বার্তায় থাকা নম্বরে ফোন বা লিংকে প্রবেশ করলে প্রতারকেরা নিজেদের অ্যাপল সাপোর্ট, ব্যাংকের কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে আস্থা অর্জনের চেষ্টা করেন। এরপর আইফোন ব্যবহারকারীদের জমানো অর্থ ঝুঁকিতে রয়েছে বলে দ্রুত ‘নিরাপদ’ অ্যাকাউন্টে স্থানান্তরে চাপ দেওয়া হয়। অনেক সময় অ্যাপল পে, অ্যাপল ক্যাশ বা কার্ডের মাধ্যমেও অর্থ পাঠাতে বলা হয়।
অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাপল কখনোই অপ্রত্যাশিতভাবে খুদে বার্তা পাঠিয়ে ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য দিতে বা কোনো ফোন নম্বরে যোগাযোগ করতে বলে না। তাই এ ধরনের বার্তা পেলে কোনো লিংকে প্রবেশ এবং অপরিচিত নম্বরে ফোন করা থেকে বিরত থাকতে হবে।
সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞদের মতে, এ ধরনের প্রতারণার ক্ষেত্রে ব্যবহারকারীদের কাছ থেকেই গোপনে অর্থ স্থানান্তরের অনুমোদন নেওয়া হয়। ফলে একবার অর্থ পাঠানো হলে তা ফেরত পাওয়া কঠিন হয়ে পড়ে। এ ধরনের প্রতারণা সাইবার হামলার মতো প্রযুক্তিগত দুর্বলতা কাজে লাগিয়ে করা হয় না, মানুষের মনকে প্রভাবিত করে করা হয়। বর্তমানে এ ধরনের প্রতারণা দ্রুত বিস্তার লাভ করছে। তাই ভয় দেখানো বা দ্রুত অর্থ স্থানান্তর করতে বলা বার্তা পেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে তথ্য যাচাই করতে হবে।
সূত্র: ডেইলি মেইল