ট্রিলিয়ন ডলার কোম্পানির তালিকায় নাম উঠল এনভিডিয়ার

মূলত জিপিইউ তৈরি করে এনভিডিয়া
 রয়টার্স

ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলার কোম্পানির তালিকায় নাম লেখাল চিপ, বিশেষত গ্রাফিকস চিপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান এনভিডিয়া। ধারণা করা হচ্ছে, ছোট ও বড় সব ধরনের প্রযুক্তিপ্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির পণ্য তৈরি ও চালু করায় এনভিডিয়ার বাজারমূল্য বেড়েছে। সম্প্রতি গুগলের আই/ও সম্মেলন ও মাইক্রোসফট বিল্ডের উপস্থাপনায় অনেক এআই পণ্য বা সেবা চালুর ঘোষণা দেওয়া হয়। এআই নিয়ে কাজ করা এসব প্রতিষ্ঠানের প্রধান চিপ সরবরাহকারক হিসেবে রয়েছে এনভিডিয়া।

২০২৩ সালের এনভিডিয়ার কম্পিউটেক্স ফোরামের আয়োজনজুড়েই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিভিন্ন ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে গেমিংয়ের জন্য অ্যাভাটার ক্লাউড ইঞ্জিন ব্যবহার ও এআইয়ের জন্য নতুন সুপার কম্পিউটার নির্মাণ ইত্যাদি।

গতকাল মঙ্গলবার (৩০ মে) প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের মূল্য ৪০০ মার্কিন ডলারের বেশি হয়ে বেচাকেনা শুরু হওয়ায় বাজারমূল্য ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে এনভিডিয়ার। এর আগে ২০১৮–১৯ সালে অ্যাপল ও মাইক্রোসফটের মতো বড় প্রতিষ্ঠান এ তালিকায় আসে। এ তালিকায় রয়েছে প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যামাজন ও গুগল। তবে মেটা এ তালিকায় থাকলেও এখন ছিটকে পড়েছে।

এনভিডিয়ার শেষ ত্রৈমাসিক আয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানটি ৩ মাসে ২০০ কোটি মার্কিন ডলার মুনাফা করেছে। এর আগে করোনা মহামারি শুরুর দিকে কম্পিউটার গেমিং ও ক্রিপটোকারেন্সি মাইনিংয়ের জন্য জিপিইউ (গ্রাফিকস প্রসেসিং ইউনিট)-এর ঘাটতি থাকার সময় এনভিডিয়ার ব্যবসায় প্রবৃদ্ধি হয়।

তবে ২০২২ সালে এ খাতের বাজারের প্রবৃদ্ধি মন্থর ছিল। সে সময় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং বলেছিলেন, তাঁরা অনেক গেমিং জিপিইউ তৈরি করেছেন এবং সেগুলো কম মূল্যে বিক্রি করতে বাধ্য হয়েছেন।

এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত প্রতিবেদন ছিল আশাব্যঞ্জক। জেনসেন হুয়াং তখন এনভিডিয়ার ডেটা সেন্টারের সম্ভাবনার কথা তুলে ধরেন। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে ডেটা সেন্টার থেকে প্রাপ্ত রাজস্বে নতুন রেকর্ড দেখা গেছে।


সূত্র: দি ভার্জ