
আগামী ৬ ও ৭ অক্টোবর রাজধানীর বসুন্ধরার আইসিসিবিতে অনুষ্ঠিত হবে অনলাইনভিত্তিক নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই)–এর বার্ষিক সম্মেলন ‘উই সামিট’। আজ বুধবার রাজধানীর রাওয়া ক্লাবে উই সামিটের লোগো উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে সামিটের অন্য অংশীদারদের সঙ্গে নিয়ে কেক কেটে লোগো উন্মোচন করেন উইয়ের প্রেসিডেন্ট নাসিমা আক্তার। এ সময় তিনি বলেন, ‘আমরা চাই, এবারের উই সামিটের কথা বেশি করে ছড়িয়ে দিতে, যাতে বগুড়ার উদ্যোক্তার সঙ্গে কাপ্তাইয়ের উদ্যোক্তার পরিচয় হয়, বিদেশের বায়াররা যাতে আমাদের আয়োজনে এসে আমাদের পণ্য রপ্তানিতে সহযোগিতা করতে পারে। আমরা যেন বলতে পারি, আমরা নারী, আমরা পারি।’
অনুষ্ঠানে উইয়ের উপদেষ্টা কবির সাকিব বলেন, ‘এবারের উই সামিটে দেশের ৬৪ জেলার নারী উদ্যোক্তারা আসবেন। বছরে এই দুটি দিনের জন্য আমাদের সদস্যরা অপেক্ষা করেন।’
উইয়ের পরিচালক ইমানা জ্যোতি বলেন, সামিটের এবারের মূল বিষয় সাজানো হয়েছে মুক্তিযুদ্ধের সময়কার নারীর অবদান ও স্বাধীনতার বিষয়ের সঙ্গে বর্তমানের যোগসূত্র তৈরি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের কারিগরি পরামর্শক তাসফিন লায়লা, আস্থা ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার শফিক, এসএসএল ওয়্যারলেসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিইও) ইফতেখার ইশতিয়াক, ভিসা বাংলাদেশের পরিচালক আশীষ চক্রবর্তী এবং পেপার ফ্লাই, দারাজ ও নগদের কর্মকর্তারা।
কেক কাটার পর আজ থেকেই সম্মেলনের জন্য আগাম নিবন্ধন শুরু হয়েছে। পক্ষকাল ধরে চলবে এই নিবন্ধন কার্যক্রম।