ক্রিয়েটর স্টুডিও অ্যাপ
ক্রিয়েটর স্টুডিও অ্যাপ

কনটেন্ট নির্মাতাদের জন্য ক্রিয়েটর স্টুডিও অ্যাপ আনল ফেসবুক

কনটেন্ট (আধেয়) নির্মাতাদের জন্য আলাদা করে ‘ক্রিয়েটর স্টুডিও’ অ্যাপ চালু করেছে ফেসবুক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর অ্যাপটিতে কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণ, দর্শকসংখ্যা বাড়ানো এবং অনুসারীদের সঙ্গে যোগাযোগের জন্য বিভিন্ন সুবিধা রয়েছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাস করা আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহারের সুযোগ পাবেন।

ফেসবুকের তথ্যমতে, অ্যাপটিতে এআই–নির্ভর ‘ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট’ সুবিধা থাকায় কনটেন্টের ধরন, আগের পোস্টের কার্যকারিতা, দর্শকদের সম্পৃক্ততা এবং নির্ধারিত লক্ষ্য বিশ্লেষণ করা যাবে। কনটেন্টের কার্যকারিতা বুঝতে নির্মাতাদের সাধারণত বিভিন্ন তথ্যচিত্র ও ড্যাশবোর্ড বিশ্লেষণ করতে হয়। নতুন অ্যাপটি মূলত সেই কাজগুলো সহজ করে দেবে।

কনটেন্ট তৈরির ধারণা নেওয়ার পাশাপাশি চ্যাটজিপিটির মতো তৃতীয় পক্ষের টুল ব্যবহার না করেই অ্যাপটির মাধ্যমে কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণ করতে পারবেন ব্যবহারকারীরা। ক্রিয়েটর স্টুডিও অ্যাপটিতে মন্তব্য ব্যবস্থাপনার জন্য এআই–নির্ভর একটি টুলও রয়েছে। টুলটি দর্শকদের করা গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আলাদা করে দেখানোর পাশাপাশি নির্মাতার লেখার ধরন অনুসরণ করে স্বয়ংক্রিয়ভাবে সম্ভাব্য উত্তর লিখে দেবে।

অ্যাপটি প্রতিদিন চালু করলে নির্মাতারা দিনের গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি তালিকা দেখতে পাবেন। সেখানে সর্বশেষ পোস্টের কার্যকারিতা পর্যালোচনা, নির্ধারিত লক্ষ্য অর্জনে অগ্রগতি যাচাই এবং যেসব মন্তব্যের জবাব দেওয়া প্রয়োজন, সেগুলো সহজেই চিহ্নিত করা যাবে।

সূত্র: টেক ক্র্যান্চ