রোড শোতে বিদেশি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বিএসআইএ প্রতিনিধিদলের সদস্যরা
রোড শোতে বিদেশি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বিএসআইএ প্রতিনিধিদলের সদস্যরা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের রোড শো

বাংলাদেশকে একটি বৈশ্বিক সেমিকন্ডাক্টর সক্ষমতাসম্পন্ন দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অস্টিনে রোড শোর আয়োজন করেছে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)। ‘সিলিকন রিভার ও ব্রেইনগেইন ইউএসএ সেমিকন্ডাক্টর রোড শো ২০২৬’-এর অংশ হিসেবে গত শুক্রবার এএমডি, এনএক্সপি ও টোকিও ইলেকট্রনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বিএসআইএর সভাপতি এম এ জব্বারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশের দীর্ঘমেয়াদি সেমিকন্ডাক্টর শিল্পের লক্ষ্যমাত্রা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও উদ্ভাবনভিত্তিক ইকোসিস্টেম নিয়ে আলোচনা করেন তাঁরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসআইএ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সিলিকন রিভার বাংলাদেশ উদ্যোগের প্রধান স্থপতি অধ্যাপক মুহাম্মদ মুস্তাফা হোসেন বাংলাদেশের অগ্রগতি, লক্ষ্য এবং স্বকীয়তা তুলে ধরেন। এ সময় বাংলাদেশি প্রতিষ্ঠান ডাইনামিক সলিউশন ইনোভেটরস (ডিএসআই), আইটটেস্ট বাংলাদেশ লিমিটেড, নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড এবং সিলিকোনোভা লিমিটেড তাদের প্রযুক্তিগত সক্ষমতা ও ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করে।

বৈঠকে অংশগ্রহণকারী বিদেশি সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা বাংলাদেশের প্রযুক্তিনির্ভর দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং ভবিষ্যতে কারিগরি সহযোগিতার পাশাপাশি বাংলাদেশের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমের উন্নয়নে ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেন।

সিলিকন রিভার ও ব্রেইনগেইন ইউএসএ রোড শো যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শহরে আয়োজন করা হবে বলে জানিয়েছে বিএসআইএ। রোড শোগুলোর মাধ্যমে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্প, প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞ এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছে সংগঠনটি।