হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও যেকোনো ব্যক্তিকে অডিও বা ভিডিও কলে যুক্ত করার সুবিধা চালু হচ্ছে। নতুন এ সুবিধা চালু হলে ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ ইনস্টল বা অ্যাকাউন্ট না থাকলেও যেকোনো ব্যক্তিকে ওয়েব ব্রাউজারের একটি লিংকের মাধ্যমে হোয়াটসঅ্যাপে অডিও বা ভিডিও কলে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া যাবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউআবেটাইনফো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বর্তমানে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিদের টেক্সট কথোপকথনে যুক্ত হওয়ার জন্য ‘গেস্ট চ্যাট’ সুবিধা রয়েছে। এই সুবিধায় একটি লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট ছাড়াই হোয়াটসঅ্যাপে কথোপকথনে অংশ নেওয়া যায়। নতুন কল সুবিধাটিও একই পদ্ধতির ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। ফলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকলেও যেকোনো ব্যক্তি অডিও বা ভিডিও কলে যুক্ত হতে পারবেন। নতুন এ সুবিধা ব্যবহারের জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের ‘কলস’ ট্যাব থেকে কলের লিংক তৈরি করতে হবে। এরপর ফোনকলের ধরন নির্বাচন করে লিংকটি বার্তা, ই–মেইল বা অন্য কোনো মাধ্যমে পাঠাতে হবে। প্রাপক লিংকে প্রবেশ করলেই ওয়েব ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওয়েবের কলের পর্দা চালু হবে। সেখান থেকেই ব্যবহারকারী কলে যুক্ত হতে পারবেন।
ফোনকল চলার সময় চাইলে নতুন অংশগ্রহণকারী যুক্ত বা কোনো অংশগ্রহণকারীকে বাদ দিতে পারবেন লিংক পাঠানো ব্যক্তিরা। প্রয়োজনে একসঙ্গে সব অংশগ্রহণকারীর জন্য কল বন্ধও করে দিতে পারবেন। অ্যাকাউন্ট ছাড়া যুক্ত হওয়া অতিথিদের কলেও হোয়াটসঅ্যাপের প্রচলিত এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবস্থা থাকবে বলে ধারণা করা হচ্ছে। ফলে অ্যাকাউন্ট ছাড়া ফোনকলে যুক্ত হলেও কথোপকথনের নিরাপত্তা বজায় থাকবে।
বর্তমানে হোয়াটসঅ্যাপে ভয়েস বা ভিডিও কল করতে হলে উভয় পক্ষেরই অ্যাপ ও অ্যাকাউন্ট থাকতে হয়। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকা সম্ভাব্য গ্রাহকদের সরাসরি ফোনকলে যুক্ত করার সুযোগ না থাকায় বেশ সমস্যায় পড়েন ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীরা। নতুন সুবিধাটি চালু হলে সেই সীমাবদ্ধতা অনেকটাই দূর হবে। জুম বা গুগল মিটের মতোই লিংকে ক্লিক করেই ফোনকলে যুক্ত হওয়া যাবে। ফলে অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিদের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা আরও সহজ হবে। সুবিধাটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। আর তাই সুবিধাটি কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি হোয়াটসঅ্যাপ।
সূত্র: নিউজ১৮