ফোন নম্বর কাজে লাগিয়ে একে অপরকে বার্তা, ছবি বা ভিডিও পাঠানো যায় হোয়াটসঅ্যাপে। শুধু তা-ই নয়, চাইলে যেকোনো ব্যক্তির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের খোঁজও মিলে থাকে। কিন্তু ফোন নম্বর প্রকাশের কারণে মাঝেমধ্যেই সরাসরি ফোন করেন অপরিচিত ব্যক্তিরা। ফলে বিরক্ত হন অনেকে। এ সমস্যা সমাধানে ‘ইউজারনেম’ নামের নতুন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী সুবিধাটি ব্যবহার করতে পারবেন।
হোয়াটসঅ্যাপের তথ্যমতে, ইউজারনেম সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা ফোন নম্বর শেয়ার না করেই অন্যদের সঙ্গে বার্তা আদান–প্রদান করতে পারবেন। শুধু তা–ই নয়, ফোন নম্বর গোপন থাকলেও নির্দিষ্ট ইউজারনেম ব্যবহার করে অপরিচিত ব্যক্তিরা নির্দিষ্ট ব্যক্তিকে বার্তা পাঠাতে পারবেন। ফলে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে বার্তা আদান–প্রদান করলেও ফোন নম্বর গোপন থাকবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে সুবিধাটি।
ফোনে ইউজারনেম সুবিধা চালুর পর একটি ইউনিক ইউজারনেম তৈরি করতে হবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের। তবে একই ইউজারনেম একাধিক ব্যক্তি ব্যবহার করতে পারবেন না। ফলে নির্বাচিত ইউজারনেম যদি আগে থেকেই অন্য কেউ ব্যবহার করে, তাহলে নতুন করে ইউজারনেম নির্বাচন করতে হবে।
ইউজারনেম তৈরির সময় বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে ব্যবহারকারীদের। ইউজারনেমে অন্তত একটি অক্ষর থাকতে হবে এবং সংখ্যা, ডট বা আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। তবে ইউজারনেমের আকার খুব ছোট বা বড় হলে সেটি কাজ না–ও করতে পারে।
সূত্র: টেকলুসিভ