
খ্রিষ্টপূর্ব ৩১ অব্দে রোমের প্রথম সম্রাট অগাস্টাসের কাছে অ্যাক্টিয়ামের যুদ্ধে মিসরের রানি ক্লিওপেট্রা এবং তাঁর রোমান প্রেমিক মার্ক অ্যান্টনি পরাজিত হওয়ার পর থেকেই এই রানির মৃত্যু ইতিহাসের অন্যতম এক রহস্যময় অধ্যায় হয়ে রয়েছে। সেই সময়ে এক গ্রীষ্মকালে আলেকজান্দ্রিয়ায় রোমানদের হাতে অতর্কিত হামলার সময় ক্লিওপেট্রা বন্দী হন। ঐতিহাসিক অক্টাভিয়ানের দেওয়া বিবরণ অনুযায়ী, পরাজয়ের অপমান এড়াতে রানি একটি বিষাক্ত ভাইপার বা অ্যাসপ সাপের কামড় নেন। দ্রুত সেই বিষে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ভেলিওয়েজ প্যাটারকুলাসের মতো কিছু রোমান ইতিহাসবিদ এই গল্প প্রচার করেছিলেন। তবে অধিকাংশ আধুনিক ইতিহাসবিদই এই সাপের কামড়ের ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তাঁদের মতে, এটি মূলত অগাস্টাসের ক্ষমতা দখলের পথকে পোক্ত করার জন্য একধরনের রোমান অপপ্রচার ছিল।
যুক্তরাষ্ট্রের মন্টক্লেয়ার স্টেট ইউনিভার্সিটির ক্ল্যাসিকস বিভাগের অধ্যাপক প্রুডেন্স জোনস জানান, ক্লিওপেট্রার মৃত্যুর সঠিক উপায় সম্পর্কে নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। তবে ইতিহাসবিদেরা মূলত এই বিষয়ে একমত মিসরের টলেমাইক রাজবংশের শেষ রানি ক্লিওপেট্রা নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন। তিনি এমন একটি পদ্ধতি বেছে নিয়েছিলেন, যা তাঁর দেহকে শান্ত ও মর্যাদাপূর্ণ রেখেছিল।
আলেকজান্দ্রিয়ার রাজকীয় এলাকা এখন পানির নিচে তলিয়ে যাওয়ায় এবং রানির আবাস খুঁজে না পাওয়ায় তেমন বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। রানির ব্যক্তিগত চিকিৎসক অলিম্পাসের বিবরণী সবচেয়ে নির্ভরযোগ্য হতে পারত। তবে দুর্ভাগ্যবশত তার কোনো লেখা আজ টিকে নেই। বর্তমানে যা রয়েছে তা মূলত ক্লিওপেট্রার শত্রুদের বয়ান। রোমান কবি হোরাসের লেখা সবচেয়ে পুরোনো একটি কবিতা থেকে এই সাপের ঘটনার ইঙ্গিত পাওয়া যায়। অগাস্টাসের ঘনিষ্ঠ মিত্র হোরাস তাঁর লেখায় অগাস্টাসের বিজয় উদ্যাপন করেছেন। তিনি রানিকে সাপ নিয়ে খেলা করতে দেখেছেন বলে উল্লেখ করেছেন। তবে কবিতাটি এমন এক নারীর প্রতি হিংসার মধ্য দিয়ে শেষ হয়।
বন্দী হওয়ার আগেই ক্লিওপেট্রা দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। রোমান সৈন্যরা যখন তাঁর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তখন তিনি নিজেকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেন। এ ছাড়া তিনি অনাহারেও মরার চেষ্টা করেছিলেন। তবে অগাস্টাস তাঁর সন্তানদের ক্ষতি করার হুমকি দেওয়ার পর তিনি তা থেকে বিরত হন। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ জেন ড্রেকট জানান, গ্রিক-রোমান বিশ্বে আত্মহত্যাকে পরবর্তী খ্রিষ্টীয় যুগের মতো পাপ বা কলঙ্ক হিসেবে দেখা হতো না। এটি অতীতের সব লজ্জা ও অসম্মান মুছে ফেলার একটি উপায় ছিল। আলেকজান্দ্রিয়ায় তাদের অবশিষ্ট বাহিনী পরাজিত হওয়ার পর এবং ক্লিওপেট্রার মৃত্যুর একটি ভুয়া খবর শুনে মার্ক অ্যান্টনি সবার আগে আত্মহত্যা করেছিলেন।
গ্রিক জীবনীকার প্লুটার্কের মতে, ক্লিওপেট্রা অ্যান্টনির কবরে গিয়ে স্নান করেন ও খাবার গ্রহণ করেন। অগাস্টাসের কাছে একটি সিল করা চিঠি পাঠিয়ে তাঁর পাশেই সমাহিত করার অনুরোধ জানান। এর মাধ্যমে তিনি তাঁর মৃত্যুর চূড়ান্ত ইচ্ছার কথা জানান। অগাস্টাস বিষয়টি বুঝতে পেরে দ্রুত দূত পাঠালেও তাঁরা অনেক দেরিতে পৌঁছান। তাঁরা রানিকে রাজকীয় পোশাকে মৃত অবস্থায় পান এবং তাঁর দুই পরিচারিকা আইরাস ও চার্মিয়ন রানির পাশেই মারা যান।
জোনস প্রাচীন ইতিহাসবিদ ও চিকিৎসকদের লেখা পর্যালোচনা করে জানান, পুরোনো প্রতিটি সূত্রেই সাপের কামড়ের কথা রয়েছে। তবে কেউ কেউ বিষাক্ত মলম, হেয়ারপিনের ভেতরে লুকিয়ে রাখা বিষ অথবা রানি নিজেই নিজেকে কামড়ে যে ক্ষত তৈরি করেছিলেন, তাতে সাপের বিষ ঢেলে দেওয়ার মতো অন্যান্য আশঙ্কার কথাও উল্লেখ করেছেন। ক্লিওপেট্রার মৃত্যুর সময় বেঁচে থাকা একমাত্র ভূগোলবিদ স্ট্রাবো এবং রানির সঙ্গে ঘরে থাকা ব্যক্তিরা সবাই মারা যাওয়ায় সঠিক সত্যটি অজানাই থেকে যায়। রোমান ইতিহাসবিদ ক্যাসিউস ডিও লিখেছিলেন, রানির বাহুতে দুটি ক্ষীণ দাগই ছিল একমাত্র সূত্র। তবে জোনস জানান একটি কোবরা সাপের কামড়ে দুটি ক্ষতচিহ্ন থাকতে পারে। কিন্তু সব কোবরা সাপের কামড়ে এমন চিহ্ন থাকে না এবং আবার সব জোড়া ক্ষত সাপের কামড়ের কারণে হয় না।
জোনস সাপের গল্পের উৎস হিসেবে অগাস্টাসকে দায়ী করেন। কারণ, ক্লিওপেট্রার মৃত্যুর সময় অগাস্টাস আলেকজান্দ্রিয়াতেই ছিলেন। প্লুটার্ক উল্লেখ করেছিলেন, রোমে অগাস্টাসের বিজয় মিছিলে ক্লিওপেট্রার একটি প্রতিমা ঘোরানো হয়েছিল, যেখানে একটি সাপ তাঁর সঙ্গে লেগে ছিল। তবে জোনস বলেন, অগাস্টাস ছিলেন রানির শত্রু। তাই তাঁর এই বিবরণ অন্ধভাবে গ্রহণ না করাই শ্রেয়। আরেকটি বিভ্রান্তি তৈরি হয়েছিল বলা যায়। তখন সাপের আকৃতির গয়না বেশ জনপ্রিয় ছিল। তাই রোমানরা রানির কোনো প্রতিমায় সাপের ব্রেসলেট দেখে সেটিকে আসল সাপ ভেবে ভুল করতে পারেন। এ ছাড়া একটি সাপ দিয়ে তিনজন নারীর মৃত্যু ঘটানো সম্ভব কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।
ড্রেকটের মতে ইতিহাসবিদদের সাধারণ ধারণা হলো ক্লিওপেট্রা এমন কোনো বিষ পান করেছিলেন যা দ্রুত কাজ করে এবং কোনো খিঁচুনি বা বমি সৃষ্টি করে না। অ্যাসপ বা ইজিপশিয়ান কোবরার বিষ দীর্ঘ ও যন্ত্রণাদায়ক মৃত্যুর দিকে ঠেলে দেয় এবং শ্বাসকষ্ট তৈরি করে। তাই রানির শরীরে এই লক্ষণগুলোর অনুপস্থিতি অন্য কোনো বিষ ব্যবহারের ইঙ্গিত দেয়। সেই যুগে আলেকজান্দ্রিয়া ছিল বৈজ্ঞানিক অধ্যয়নের কেন্দ্র। নিকান্ডারের থেরিয়াকার মতো গ্রন্থগুলোতে বিষাক্ত প্রাণীদের তালিকা ছিল। প্লুটার্ক দাবি করেছিলেন, ক্লিওপেট্রা নিজে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের ওপর মারাত্মক বিষের প্রভাব পরীক্ষা করেছিলেন। তবে ড্রেকট সতর্ক করে বলেন, রোমানদের নারীসুলভ প্রথার ওপর ভিত্তি করে এসব গল্প তৈরি হতে পারে। রোমানদের চোখে পুরুষরা তলোয়ার নিয়ে যুদ্ধ করে আর নারীরা প্রতারক ও দুর্বল হওয়ায় তারা গোপনে হত্যা করে।
ক্লিওপেট্রার মৃত্যুর রহস্য হয়তো চিরকাল রহস্যই থেকে যাবে। তবে ইতিহাসবিদদের মতে রানির উদ্দেশ্য স্পষ্ট ছিল। ক্লিওপেট্রা নিজের শর্তেই মৃত্যুকে বেছে নিয়েছিলেন।
সূত্র: লাইভ সায়েন্স