হীরা
হীরা

প্রাকৃতিক হীরার চেয়ে শক্ত পদার্থ তৈরির দাবি

বর্তমানে প্রাকৃতিক হীরাকে পৃথিবীর কঠিনতম খনিজ পদার্থ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। কিন্তু চীনের বিজ্ঞানীরা এবার এমন এক খনিজ পদার্থ তৈরির দাবি করেছেন, যা কিউবিক বা চিরাচরিত হীরার চেয়ে অনেক বেশি শক্ত। পদার্থটির নাম হেক্সাগোনাল ডায়মন্ড বা হেক্সাগোনাল হীরা। বিজ্ঞানের ভাষায় একে লোনসডালেইট বলা হয়।

সাধারণত উল্কাপাতের ফলে সৃষ্ট প্রচণ্ড চাপ ও তাপের স্থানে হেক্সাগোনাল হীরার সন্ধান মিলে থাকে। তবে এর পরিমাণ ছিল অত্যন্ত কম এবং অন্যান্য খনিজের সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকায় বিজ্ঞানীরা এত দিন পদার্থটিকে স্বতন্ত্রভাবে স্বীকৃতি দিতে দ্বিধা বোধ করতেন। সম্প্রতি নেচার সাময়িকীতে প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে, চীনের জেংঝু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা চরম চাপ ও তাপ ব্যবহার করে গবেষণাগারে বিশুদ্ধ হেক্সাগোনাল হীরার খণ্ড তৈরি করতে সক্ষম হয়েছেন।

জেংঝু বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানী চংক্সিন শান জানিয়েছেন, কাটিং টুলস, তাপ ব্যবস্থাপনা এবং কোয়ান্টাম সেন্সিংয়ের মতো অসংখ্য ক্ষেত্রে এই পদার্থের বৈপ্লবিক ব্যবহার সম্ভব। ইউনিভার্সিটি অব নেভাদার খনিজ বিজ্ঞানী অলিভার শনার জানিয়েছেন, অনেকেই আগে পদার্থটি আবিষ্কারের দাবি করেছেন, কিন্তু এই প্রথম এই রহস্যময় পদার্থটির নিখুঁত বৈশিষ্ট্য নির্ধারণ করা সম্ভব হলো।

বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, নতুন ধরনের হীরা তৈরির জন্য পেনসিলে ব্যবহৃত কার্বনের মতোই অত্যন্ত সুশৃঙ্খল গ্রাফাইট ব্যবহার করা হয়েছে। এরপর এই গ্রাফাইটকে টাংস্টেন কার্বাইড অ্যানভিলের মাঝখানে রেখে ২০ গিগাপাস্কেল চাপ দেওয়া হয়। এই চাপ বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় প্রায় ২ লাখ গুণ বেশি। এ ছাড়া প্রায় ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৯০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংকুচিত করে এক মিলিমিটার আকারের হেক্সাগোনাল হীরার নমুনা তৈরি করা সম্ভব হয়েছে। এক্স-রে ডিফ্র্যাকশন এবং ইলেকট্রন মাইক্রোস্কোপি পরীক্ষার মাধ্যমে এর কাঠামোগত বিশুদ্ধতা নিশ্চিত করা হয়েছে।

হেক্সাগোনাল হীরার অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীদের মধ্যে প্রায় ৫০ বছর ধরে বিতর্ক চলে আসছিল। এর আগে উল্কাপিণ্ড বা গবেষণাগারে পাওয়া নমুনাগুলোকে উন্নত প্রযুক্তিতে পরীক্ষা করে দেখা গিয়েছিল সেগুলো আসলে ত্রুটিযুক্ত সাধারণ হীরা। ২০২০ দশকের শুরুতে কিছু পরীক্ষায় এর অস্তিত্ব মিললেও সেগুলো ছিল আণুবীক্ষণিক এবং ক্ষণস্থায়ী। চীনা বিজ্ঞানীদের এই সাম্প্রতিক গবেষণা প্রমাণ করেছে যে হেক্সাগোনাল হীরা কেবল একটি তত্ত্ব নয়, বরং একটি স্বতন্ত্র ও বাস্তব পদার্থ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া